রাজশাহী

বোমায় আহত খালেকের বাড়ি থেকে টাইমবোমাসহ বিপুল অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

পুঠিয়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত আব্দুল খালেকের বাড়ি চারঘাট থেকে টাইমবোমাসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণের পরে পুলিশ চারঘাটের গোপালপুরে আব্দুল খালেক ওরফে সাদেকুলের বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু টাইমবোমা, ৫টি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল এবং দুটি প্রেটলবোমা উদ্ধার করেছে।

 

আহত আব্দুল খালেক জেএমবি সদস্য বলে সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেছে পুলিশের একাধিক সূত্র। এছাড়াও আব্দুল খালেকের অন্য সহযোগীদের ধরতে পুলিশ রাতেই চারঘাটসহ বিভিন্ন স্থানে অভিযানে নামে। তাড়াশের যে বাড়িতে বোমার বিস্ফোরণ হয়, সেখানে জেএমবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হতো বলেও পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

 

পুলিশের একাধিক সূত্র সিল্কসিটি নিউজকে জানায়, শনিবার রাত ৮টার দিকে পুঠিয়ার তাড়াশ গ্রামের জাহিদের বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত হন জেএমবি নেতা আব্দুল খালেক ওরফে সাদেকুল। তিনি চারঘাটের গোপালপুর গ্রামের আকবর শেখের ছেলে।

 

এ ঘটনার পরে জানা গেছে, বোমা বিস্ফোরণের পরে আহত আব্দুল খালেকের পরিচয় নিশ্চিত হতে পেরেই পুলিশ চারঘাটে তার বাড়িতে অভিযানে নামে। এসময় আব্দুল খালেকের বাড়ি থেকে বেশকিছু টাইমবোমা সদৃশ্য বস্তুসহ, চাপাতি, চাইনিজ কুড়াল এবং পেট্রল বোমা উদ্ধার করে পুলিশ।

 

আব্দুল খালেক জেএমবি সদস্য বলে দাবি করে পুলিশের একাধিক সূত্র আরো জানায়, আব্দুল খালেক জেএমবির অস্ত্র সরবরাহকারী দলের সদস্য বলেও পুলিশ নিশ্চিত হয়েছে। আবার পুঠিয়ার ওই বাড়িতে জেএমবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হত। আব্দুল খালেকের অন্য সহযোগীদেরও আটকের জন্য অভিযানে নেমেছে পুলিশ।

স/আর