জাতীয়

বেহেশতের প্রলোভন দেখিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ: আইজিপি

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গিরা ছেলেদের টার্গেট করে। নামাজ শেষে মসজিদের বাইরে এনে জিহাদের কথা বলে উদ্বুদ্ধ করে। হিজরতের নামে ঘর থেকে বের করে জঙ্গি প্রশিক্ষণ দেয়। তারপর বেহেশতের প্রলোভন দেখিয়ে ছেলেদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে। এ ব্যাপারে বাবা-মায়েদের বেশি সচেতন হতে হবে। সন্তানদের ব্যাপারে চোখ-কান খোলা রাখতে হবে।

 

রোববার দুপুরে কক্সবাজারের সৈকতে দ্য কক্স টুডে হোটেলে আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় একেএম শহীদুল হক এসব কথা বলেন।

সভায় জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইজিপি।

তিনি বলেন, যারা জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের সঙ্গে যোগ দিয়ে এখনো পর্যন্ত কোনো হত্যা ও নাশকতায় জড়িত হননি তারা সবাই ফিরে আসতে পারেন। আরা যারা হত্যা ও নাশকতা করার পরও নিজের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান সরকার তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করবে।

আইজিপি আরও বলেন, এ এলাকায় জঙ্গি সংশ্লিষ্ট যারা গ্রেপ্তার হয়েছেন তাদের রোহিঙ্গা সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে রোহিঙ্গাদের একটি সংগঠন রয়েছে। তাই তারাও পুলিশের সন্দেহের তালিকায় আছে। তাদের প্রতি চোখ-কান সজাগ রাখার পরামর্শ দেন তিনি।

আইজিপি বলেন, জঙ্গিবাদ একটি ঘৃণিত কাজ। ইতিমধ্যে জঙ্গি হামলা করে যারা প্রাণ হারিয়েছেন তাদের লাশ পরিবার পর্যন্ত গ্রহণ করেনি। এর চেয়ে বড় ঘৃণার কাজ আর হতে পারে না।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান আইজিপি।

জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. মুসলিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তব্য দেন- রামু কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক প্রমুখ।

সূত্র: রাইজিংবিডি