সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বেন-গুরিয়নসহ ইসরায়েলের ৪ স্থানে ইয়েমেনের হামলা

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০২৫২ মিনিট পড়া
বেন-গুরিয়নসহ ইসরায়েলের ৪ স্থানে ইয়েমেনের হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দখলদার ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দরসহ চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী।

এক বিবৃতিতে মঙ্গলবার রাতে (৩০ জুলাই) হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, হামলায় ব্যবহার করা হয়েছে পাঁচটি ড্রোন ও ‘প্যালেস্টাইন-টু’ নামের একটি নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রের গতি শব্দের গতির চেয়েও কয়েক গুণ বেশি বলে দাবি করেছে তারা।

সারি বলেন, প্রথম হামলায় ইসরায়েল অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোনের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে।

পরে আশকেলন ও নেগেভ অঞ্চলে আরো তিনটি ড্রোন হামলা চালানো হয় বলে জানায় ইয়েমেনি বাহিনী। সব হামলাই সফল হয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে। 

তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ইয়েমেন থেকে ছোঁড়া একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। অন্য হামলা সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেলআবিব।

বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হামলাটি চালানো হয় তেলআবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। ইয়েমেনি বাহিনী দাবি করেছে, সেখানে ‘প্যালেস্টাইন-২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা বিমানবন্দর কার্যক্রম ব্যাহত করেছে। হুথি বাহিনীর ভাষ্য অনুযায়ী, এতে বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং আতঙ্কে হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যায়।

সারি বলেন, ইসরায়েলি আগ্রাসন ও গাজায় চলমান অবরোধের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই সামরিক অভিযান চালানো হয়েছে।

এটি আমাদের নৈতিক, ধর্মীয় ও মানবিক দায়বদ্ধতার অংশ। 

তিনি আরো বলেন, ‘যতদিন ইসরায়েল তাদের আগ্রাসন ও অবরোধ বন্ধ না করবে, ততদিন ইয়েমেনি হামলা অব্যাহত থাকবে।