সিল্কসিটিনিউজ ডেস্ক :
চীনের আবহাওয়া দপ্তর রাজধানী বেইজিং, প্রতিবেশী হেবেই, তিয়ানজিনসহ আরো ১০টি প্রদেশে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

স্থানীয় গণমাধ্যম বেইজিং ডেইলি জানিয়েছে, শুধুমাত্র বেইজিং শহরেই ৮০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মিয়ুন, বেইজিং শহরের উত্তর-পূর্বের একটি উপকণ্ঠি এলাকায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
মিয়ুনের এক বাসিন্দা, জিয়াং এএফপিকে জানান, ‘এমন ভারি বৃষ্টিপাত সাধারণত হয় না। রাস্তায় পানি জমে যাওয়ায় অনেকেই কাজে যেতে পারছেন না।’ আরো ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের উত্তরাঞ্চলীয় হুয়ারৌ এবং দক্ষিণ-পশ্চিমের ফাংশান এলাকা।
মিয়ুনে এক বাসিন্দা লিউ জানিয়েছেন, সোমবার ভোরে তিনি দেখতে পান, বন্যার পানিতে তার অ্যাপার্টমেন্ট ব্লকের বাইরে গাড়িগুলো ভেসে গেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা বৃদ্ধাশ্রমের ৪৮ জনকে উদ্ধার করেছেন, যাদের মধ্যে অনেকে আটকে পড়েছিলেন।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সোমবার রাতে কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়েছেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিন এবং বন্যা কবলিত এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত স্থানান্তর করুন।’ বেইজিং ডেইলি জানিয়েছে, ‘স্থানীয় কর্মকর্তারা নিখোঁজ ব্যক্তিদের খোঁজ ও উদ্ধার কার্যক্রমে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন এবং ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছেন।
হেবেই প্রদেশের চেংদে শহরের কাছে একটি ভূমিধসে ৪ জন নিহত হয়েছে এবং আরো ৮ জন নিখোঁজ রয়েছেন। চীনের পূর্ব শানডং প্রদেশে এ মাসে অতি বৃষ্টিপাতের কারণে দুজন নিহত এবং ১০ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া, সিচুয়ান প্রদেশে এ মাসে একটি ভূমিধসে ৫ জন নিহত হয়েছেন।
আবহাওয়া দপ্তর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অতিবৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করেছে। চেংদে এবং আশেপাশের এলাকাগুলো এখন সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে রয়েছে। চীন প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। বিশেষ করে গ্রীষ্মকালে যখন কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত হয় এবং অন্যদিকে কিছু অঞ্চল প্রচণ্ড গরমের সম্মুখীন হয়।
সূত্র : বিবিসি










