সিল্কসিটিনিউজ ডেস্ক:
কুমিল্লার বুড়িচং উপজেলার একটি ভাড়া বাসা থেকে এক পিকআপচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহত পিকআপচালক মোহাম্মদ ইব্রাহিমের (৩৫) দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের খোঁজ পাওয়া যাচ্ছে না।
রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম ওই এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি পেশায় পিকআপচালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় প্রায় ছয়-সাত মাস আগে ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেন।
পরে তিনি দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে নিমসারের ওই ভাড়া বাসায় বসবাস শুরু করেন। প্রথম স্ত্রী ও সন্তানের ভরণপোষণ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ হতো।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে পাশের ঘরের ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
তদন্ত কর্মকর্তা এসআই মঞ্জুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে ইব্রাহিমের মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ঘটনাস্থলের প্রাথমিক আলামত দেখে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।









