সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব ধরিত্রী দিবস’। অন্যান্যদের মতো দিবসটি পালন করছে সার্চইঞ্জিন জায়ান্ট গুগলও। গুগলের হোম পেজে প্রবেশ করলেই দেখা যাচ্ছে এজন্য তৈরি অ্যানিমেটেড বিশেষ ডুডল।
আজ সোমবার গুগলের হোমপেজে ‘বিশ্ব ধরিত্রী দিবস’র শুভেচ্ছা হিসেবে এ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা।

গুগলে ঢুকতেই দেখা যাচ্ছে বিশেষ ডুডলটি। তাতে ক্লিক করলে দেখা যাচ্ছে, বৃহত্তম সামুদ্রিক পাখি অ্যালবাট্রোস উড়ে যাচ্ছে। তার নিচে ক্লিক করলে মাটি ফুঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে উপকূলীয় রেড উডের গাছ। পাশে লেখা-‘৩৭৭ ফুটের উচ্চতায় আমি ৭৫ মানবের উচ্চতার সমান এবং আমিই পৃথিবীর সবচেয়ে বড় গাছ’। এভাবে পর্যায়ক্রমে ক্ষুদ্রকায় ব্যাঙ, আমাজন বনের বৃহদাকার জলজ পদ্ম (অপেক্ষাকৃত ছোট আকৃতির মানুষ এর ওপরে বসতে পারে), ৪০ কোটি বছর আগ থেকে পৃথিবীতে টিকে থাকা সামুদ্রিক মাছ কোয়েলাক্যান্থ, গভীর গুহার নিচে বসবাসকারী পাখাবিহীন স্প্রিং টেল পতঙ্গসহ পৃথিবীর জীববৈচিত্র্যকে অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
বিশেষ কোনো দিবস বা অনুষ্ঠান উপলক্ষে ডুডল তৈরি করে গুগল। এরই ধারাবাহিকতায় এবারও বিশেষ ডুডল করেছে গুগল।পৃথিবীকে নিরাপদ এবং বসবাসযোগ্য রাখতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হবে।
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে জলবায়ু পরিবর্তনে বিশ্বের বিভিন্ন দেশ এখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। এমন প্রেক্ষাপটে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিবস পালিত হচ্ছে।
ধরিত্রী দিবসকে সামনে রেখে বিশেষজ্ঞরা বলছেন, ধরিত্রীকে রক্ষায় কার্বন নিঃসরণ কমানো, বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় মানুষকে সচেতন হতে হবে।
১৯৭০ সালে প্রথম দিবসটি পালিত হয়, এবং বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী সমন্বিতভাবে অনুষ্ঠিত হয় এবং ১৯৩ সংখ্যারও অধিক দেশে প্রতি বছর পালন করা হয়ে থাকে।









