সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফোর্বস ম্যাগাজিনের করা সর্বশেষ তালিকায় বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে উঠে এসেছে কাইলি জেনারের নাম। কারদাশিয়ান পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য কাইলি বিলিয়ন ডলারের মালিক হয়েছেন তার কসমেটিকস ব্যবসার মাধ্যমে।
তিন বছর আগে যাত্রা শুরু করা কাইলি কসমেটিকস গতবছর আয় করেছে ৩৬ কোটি ডলার। খবর বিবিসি।

উত্তরাধিকার সূত্রে নয়, ২১ বছর বয়সী এই মার্কিন মডেল, অভিনেত্রী, রিয়েলিটি শো তারকা ওই সম্পদ গড়েছেন নিজের যোগ্যতায়।সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে আবির্ভূত হওয়ার পথে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকেও ছাড়িয়ে গেছেন কাইলি জেনার। জাকারবার্গ বিলিয়ন ডলারের মালিক হয়েছিলেন ২৩ বছর বয়সে।
এই সাফল্যের প্রতিক্রিয়ায় কাইলি জেনার ফোর্বসকে বলেছেন, ‘আমি ভবিষ্যৎ জানতাম না। আমি কিছু প্রত্যাশাও করিনি। তবে খবরটা সত্যিই ভালো। খুবই ?উৎসাহব্যঞ্জক। স্বীকৃতি পেয়ে ভালো লাগছে, মনে হচ্ছে কেউ উৎসাহ দিয়ে পিঠ চাপড়ে দিল’
ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির আসনটি ধরে রেখেছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ গত এক বছরে ১ হাজার ৯০০ কোটি ডলার বেড়ে হয়েছে ১৩ হাজার ১০০ কোটি ডলার।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মোট সম্পদের পরিমাণও গত এক বছরে ৮৭০ কোটি ডলার কমে গেছে। গতবছর ব্যবহারকারীদের তথ্য ফাঁস সংশ্লিষ্ট কেলেঙ্কারির কারণে ফেসবুকের মূল্য প্রায় এক-তৃতীয়াংশ কমে যায়।
বিশ্বের সব বিলিয়নিয়ারের এই তালিকায় নারীর সংখ্যা মাত্র ২৫২ জন। স্ব-প্রতিষ্ঠিত নারীদের মধ্যে সবচেয়ে বিত্তবান চীনের ওউ ইয়াজুন, যার সম্পদের মূল্য প্রায় ৯৪০ কোটি ডলার। এবারই প্রথম স্ব-প্রতিষ্ঠিত বিলিয়নিয়ার নারীর সংখ্যা উন্নীত হয়েছে ৭২ জনে। গত বছর এ সংখ্যাটি ছিল ৫৬। গত ৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে কার কত সম্পদ আছে সে অনুযায়ী ফোর্বসের এ বিলিয়নিয়ারের তালিকাটি তৈরি করা হয়েছে। ওই দিন সারাবিশ্বে মুদ্রার বিনিময় হার এবং স্টকের মূল্য বিচার করে করা হয় তালিকাটি।
ফোর্বস জানিয়েছে, ২০১৯ সালে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫৩ জন, যেখানে ২০১৮ সালে সংখ্যাটি ছিল ২ হাজার ২০৮।
বিলিয়নিয়ারদের গড় সম্পদের মূল্য ৪১০ থেকে কোটি ডলারে নেমেছে। ফোর্বসের মতে, এই বিলিয়নিয়ারদের ৯৯৪ জনের সম্পদের পরিমাণই আগের বছরের চেয়ে কমেছে।
এ তালিকায় যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন ৫২ জন- যাদের মধ্যে শীর্ষে রয়েছেন শ্রীচান্দ হিন্দুজা এবং গোপিচান্দ হিন্দুজা। বহুজাতিক প্রতিষ্ঠান হিন্দুজা গ্রুপের কর্ণধার এ দুই ভাইয়ের মোট সম্পদ মূল্য ১ হাজার ৬৯০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রে বিলিয়নিয়ার রয়েছেন ৬০৭ জন, যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন, যাদের বিলিয়নিয়ারের সংখ্যা ৩২৪ জন।
তবে চীনা বিলিয়নিয়ারদের তালিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন ৪৪ জন চীনা নাগরিক বিলিয়নিয়ারদের তালিকায় যুক্ত হয়েছেন কিন্তু ১০২ জন তালিকা থেকে বাদও পড়েছেন।
ফোর্বসের তথ্য অনুযায়ী, গত বছরে বিলিয়নিয়ারদের তালিকায় থাকা ২৪৭ জন বিলিয়নিয়ার তালিকা থেকে বাদ পড়েছেন।









