আন্তর্জাতিক

বিশ্বের সব দেশেই পরীক্ষা বাড়ানোর তোড়জোড়

নিউজ ডেস্ক৫ মে ২০২০২ মিনিট পড়া

করোনা সংক্রমণ রুখতে বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষা বাড়ানোর তোড়জোড় চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন ৫০ লাখ এবং ভারত এক লাখ মানুষকে পরীক্ষার আওতায় আনার টার্গেট নিয়েছে। করোনা মহামারীর শুরুর দিকে দক্ষিণ এশিয়ায় সংক্রমণ কম থাকলেও এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় করোনা পরীক্ষার হারে শীর্ষে রয়েছে ভুটান। আর সবার শেষে আফগানিস্তান।

বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৮টায় ওয়ার্ল্ডওমিটারসের পরিসংখ্যানে দেখা যায়, প্রতি ১০ লাখ জনসংখ্যায় ভুটানে করোনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ২৩০ জনের। এশিয়ার সবচেয়ে সুখী এ দেশটিতে করোনাভাইরাসে এখনও কেউ প্রাণ হারাননি। দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ৭ জন। এর মধ্যে ৫ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি দু’জন চিকিৎসাধীন। বলা হচ্ছে, শুরু থেকেই পর্যাপ্ত প্রস্তুতি, দ্রুত ব্যবস্থা গ্রহণ, গণস্বাস্থ্য কর্মসূচি ও পরীক্ষার হার বৃদ্ধির কারণে সাফল্য পেয়েছে দেশটি।

ভারতে প্রতি ১০ লাখ জনসংখ্যায় পরীক্ষা হয়েছে মাত্র ৮০২ জনের, পাকিস্তানে ৯৬২ জনের, বাংলাদেশে ৫৩২ জনের, আফগানিস্তানে ২৮৪ জনের, নেপালে ২ হাজার ১৬৬ জনের, শ্রীলংকায় ১ হাজার ২৫৪ জনের, মালদ্বীপে ১৩ হাজার ৪০৫ জনের।

করোনা প্রাদুর্ভাবের শুরুর দিকে কোভিড-১৯ আক্রান্তের তালিকায় নাম আসে শ্রীলংকার। তবে করোনা রোগী শনাক্ত ও আইসোলেশনের পাশাপাশি তাৎক্ষণিক প্রতিরোধ ব্যবস্থার ওপর জোর দেয়ায় করোনা নিয়ন্ত্রণে অন্যান্য দেশের তুলনায় অনেকটাই সফল দেশটি। শ্রীলংকায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭১৯ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের।

আরও পড়ুন:

করোনা চিকিৎসায় রেমডেসিভির বাজারে পাওয়া যাবে এই সপ্তাহে

ট্যাগ: