সদ্য প্রকাশিত
মতামত

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান

নিউজ ডেস্ক৬ মার্চ ২০২৫১০ মিনিট পড়া
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর স্বাধীন দেশে আবার পরাধীন হয়ে পড়ে এ দেশের মানুষ। শুরু হয় ২৪ বছরের বঞ্চনার ইতিহাস। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে হায়েনারা ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর। প্রকৃতপক্ষে সেদিন থেকেই শুরু হয় চূড়ান্ত মুক্তির লক্ষ্যে আমাদের সর্বাত্মক যুদ্ধ।

যে যুদ্ধে এ দেশের ছাত্র, জনতা, দিনমজুর, চাকরিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে। পরবর্তীতে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে আসা অফিসার ও অন্যান্য পদবির সেনা সদস্য এবং এ দেশে অবস্থিত সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট/প্রতিষ্ঠানের অফিসার ও সৈনিকরা সংগঠিত হয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে মাতৃভূমি রক্ষণে নিয়োজিত হন। এ দেশের সেনারা এভাবে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমেই গঠন করেন বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হলো ভূখণ্ডের অখণ্ডতা রক্ষাসহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা।

এই দায়িত্বের পাশাপাশি যেকোনো জরুরি অবস্থায় বেসামরিক প্রশাসনের সহায়তায় এগিয়ে আসতে বাংলাদেশ সেনাবাহিনী সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী শুধু অভ্যন্তরীণ বিষয়েই নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের সর্বোচ্চ পেশাদারির পরিচয় দিয়ে দেশের সুনাম বৃদ্ধি করে চলেছে। কর্মস্পৃহা ও পেশাদারির ফলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি অপরিহার্য নাম।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম সর্বপ্রথম ১৯৪৮ সালে শুরু হয় যখন নিরাপত্তা পরিষদ আরব-ইসরায়েল যুদ্ধের সময় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে রাখার জন্য জাতিসংঘের সামরিক পর্যবেক্ষকদের মোতায়েনের অনুমোদন দেয়।

তারপর থেকে জাতিসংঘ ৬৩টি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীকে মোতায়েন করেছে, যার মধ্যে ৬টি এখনো চলমান। এই সময়ে ১২০টিরও বেশি দেশে জাতিসংঘ তার শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। জাতিসংঘ ট্রস সুপারভিশন অর্গানাইজেশন (আন্টসো) হচ্ছে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।
১৯৭১ সালে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের শান্তিরক্ষা অপারেশনের অংশ হিসেবে একাধিক দেশে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। ১৯৮৮ সালে সর্বপ্রথম ইরাকে ইউনিমগ (টঘওগঙএ) এবং নামিবিয়াতে আনট্যাগ (টঘঞঅএ) দুটি অপারেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মিশনের আনুষ্ঠানিক সূচনা হয়।

উপসাগরীয় যুদ্ধের সময় ইউনিকম (টঘওকঙগ) যান্ত্রিক পদাতিকবর্গ বাহিনীর অংশ হিসেবে কুয়েত এবং সৌদি আরবে বাংলাদেশ সেনাবাহিনীর আনুমানিক ২১৯৩ জন সদস্যকে মিশনে প্রেরণ করা হয়। এর পর থেকে ইউএনপিকেও (টঘচকঙ) এর অংশ হিসেবে প্রায় ৪৩টি দেশে ৬৩টি মিশনে অংশগ্রহণ করেছে। যেসব দেশে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে অন্যতম হলো নামিবিয়া, কম্বোডিয়া, সোমালিয়া, উগান্ডা, রুয়ান্ডা, মোজাম্বিক, প্রাক্তন যুগোস্লাভিয়া, লাইবেরিয়া, হাইতি, তাজিকিস্তান, পশ্চিম সাহারা, সিয়েরা লিওন, কসোভো, জর্জিয়া, পূর্ব তিমুর, কঙ্গো, আইভরি কোস্ট ও ইথিওপিয়া।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বৃহৎ ভূমিকা পালনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত ১,৯৪,৮৫৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী ৪৩টি দেশে ৬৩টি জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছেন এবং বর্তমানে ৬০৯২ জন শান্তিরক্ষী মিশনে ৬টি দেশে শান্তিরক্ষা কাজে নিয়োজিত রয়েছে। ২০০৯ সালে জাতিসংঘ শান্তিরক্ষায় নারীদের অবদান এবং ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। শান্তিরক্ষায় নারীর ভূমিকা এবং লিঙ্গবৈষম্য দূরীকরণের লক্ষ্যেই মূলত এই পদক্ষেপ গ্রহণ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্য বিভিন্ন শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশের মোট ২৭২৮ জন নারী শান্তিরক্ষী সাফল্যের সঙ্গে জাতিসংঘের শান্তি মিশনগুলোতে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সাল হতে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের ১৩৪ জন শান্তিরক্ষী নিহত এবং ২৫৯ জন আহত হয়েছেন।

বিশ্বরাজনীতির গতিশীলতা এবং যুদ্ধের প্রবণতা পরিবর্তনের সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রম দিন দিন আরো চ্যালেঞ্জিং এবং চাহিদাপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে শান্তিরক্ষী বাহিনী রাজনৈতিক প্রক্রিয়া সহজতর করার জন্য বেসামরিক নাগরিকদের সুরক্ষা, নিরস্ত্রীকরণে সহায়তা, প্রাক্তন যোদ্ধাদের নিস্ক্রিয়করণ এবং পুনঃএকত্রীকরণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া নির্বাচনের সংগঠনকে সমর্থন করা, মানবাধিকার রক্ষা ও প্রচার করা এবং আইনের শাসন পুনরুদ্ধারে সহায়তা করা শান্তিরক্ষা কার্যক্রমের অংশ হয়ে উঠেছে। সে লক্ষ্যে জাতিসংঘ মিশনে নিয়োগের পূর্বে সেনা সদস্যদের মিশন স্পেসিফিক বিভিন্ন ট্রেনিং প্রদানের জন্য ঢাকার অদূরে রাজেন্দ্রপুর সেনানিবাসে একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার তৈরি করা হয়েছে। Bangladesh Institute of Peace Support Operation and Training, যা সংক্ষেপে BIPSOT নামে পরিচিত। এই ট্রেনিং সেন্টারটি শুধু বাংলাদেশি শান্তিরক্ষীদেরই না পৃথিবীর বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের গুণগত ট্রেনিং প্রদান করে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছে।

১৯৯০ সালে ইরাকিদের কুয়েত আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সৌদি আরবে ২২৩২ জন জনবল বিশিষ্ট সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট প্রেরণ করা হয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি ছিল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি বিশাল এক্সপোজার, যা পরবর্তীকালে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক আকারে নির্বাচনের ক্ষেত্রে অবদান রেখেছিলেন। সৌদি আরবে সৈন্যদল পাঠানোর ক্ষেত্রে তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্টের সিদ্ধান্ত ছিল অত্যন্ত সাহসী ও দূরদর্শী। এই সিদ্ধান্ত গ্রহণে, সৌদি আরবে নিয়োজিত তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রদূত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৯৩-৯৪ সালে সবচেয়ে আলোচিত রুয়ান্ডা, সোমালিয়া এবং বসনিয়ায় শান্তিরক্ষা মিশনে দক্ষতার পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। দরিদ্র দেশের সেনাবাহিনী দক্ষতা এবং সামরিক জ্ঞানে বেলজিয়ান, আমেরিকান, সোমালিয়ান, বসনিয়ান এবং রুয়ান্ডানিয়ান সেনাবাহিনীকে যে হারিয়ে দিতে পারে তা জাতিসংঘসহ সংশ্লিষ্ট দেশের কর্মকর্তাদের ধারণার বাইরে ছিল। যার ফলে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান অধিকতর সুদৃঢ় হয়।

১৯৯৪ সালে আফ্রিকার রুয়ান্ডার গণহত্যার সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ব্রিগেড গ্রুপ সেখানে নিয়োজিত ছিল। প্রায় ১০০ দিনের গৃহযুদ্ধে তখন ৬ লক্ষাধিক মানুষ নিহত হয়েছিল। উল্লেখ্য, গৃহযুদ্ধের সময় আফ্রো-ইউরোপিয়ান ব্যাটালিয়নগুলো দ্রুত সেনা প্রত্যাহার করে নিলেও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মিশন এলাকা ত্যাগ না করে সেখানে থেকে যায়, যার ফলে গৃহযুদ্ধে হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে কম হয়।

১৯৯৫ সালে বসনিয়ায় শান্তিরক্ষা মিশন হতে ফ্রান্স যখন ব্যাটালিয়ন প্রত্যাহার করে নেয় তখন বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গায় কাজ শুরু করে। ৩৪টি দেশের সেনাদের সঙ্গে পাল্লা দিয়ে তখন বাংলাদেশের ব্যাটালিয়নকে শান্তিরক্ষার কাজে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয়েছিল। যেখানে ডাচ এবং ইউক্রেন সেনারা বসনিয়ার সাব্রানিৎসা এবং জাপা নামক দুটি শহরে গণহত্যা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হলেও বাংলাদেশি সেনারা তাদের তুলনায় অনেক কম হালকা অস্ত্র নিয়েও শুধু সাহস, দক্ষতা আর শক্ত মনোবল দিয়ে বসনিয়ার বিহার্চের মতো বিরাট শহরের জনগণকে রক্ষা করতে সমর্থ হন।
২০০৩ সালে ২৫ ডিসেম্বর পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শান্তিরক্ষী বাহিনীর ১৫ জন বাংলাদেশি সেনা নিহত হন।

২০০৪ সালের জানুয়ারি মাসে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা সদস্যদের বিবিসি কর্তৃক জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মজ্জা হিসেবে বর্ণনা করা হয়। ২০০৫ সালে কঙ্গোতে ০৯ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এ পর্যন্ত জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের মোট ১৩৪ জন শান্তিরক্ষী বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ১৩০ জন বাংলাদেশ সেনাবাহিনীর, ০১ জন বাংলাদেশ নৌবাহিনীর এবং ০৩ জন ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সাফল্যের মূলে রয়েছে আমাদের প্রতিটি শান্তিরক্ষীর ব্যক্তিগত শৃঙ্খলা, পেশাগত জ্ঞান, দক্ষতা, দায়িত্ববোধ, মানবিক আচরণ ও সহনশীল মনোভাব। শান্তি মিশনে অংশগ্রহণকারী প্রতিটি সদস্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের দূতের কাজ করছেন। এসব মিশনে অংশ নেওয়ার জন্য পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশ ও বাংলা ভাষার পরিচিতির প্রসার ঘটেছে। অন্যদিকে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে শন্তিরক্ষীরা বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছেন।

বর্তমানে বিশ্বের ০৬টি (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, মালি, সাউথ সুদান, কঙ্গো, লেবানন ও আবেই) দেশে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ৪০৭০ জন সেনা সদস্য বিদেশের মাটিতে কর্মরত আছে এবং এখন পর্যন্ত সেনাবাহিনীর ১,৫৭,১৮৪ জন সেনা সদস্য শান্তিরক্ষা মিশন সম্পন্ন করেছেন। বিভিন্ন মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বর্ণনা করা হয়েছে এবং বাংলাদেশের একাধিক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার এবং সিনিয়র সামরিক লিয়াজোঁ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শান্তিরক্ষা সম্প্রদায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সফলতা ক্রমাগতভাবে বেড়ে চলেছে।

২০০৩ সাল হতে জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস পালন করে আসছে। ২০১৮ সালে বাংলাদেশের ১২ জন শান্তিরক্ষীসহ ২৭টি দেশের ১১৯ জন আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীকে ২৪ মে দ্য হ্যামারশোল্ড পদক প্রদান করেছেন জাতিসংঘ।

মরণোত্তর দ্য হ্যামারশোল্ড পদকপ্রাপ্ত বাংলাদেশের শান্তিরক্ষীরা হলেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে কর্তব্যরত অবস্থায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. আরজান হাওলাদার ও মো. বিপুল মিয়া, মালি মিশনে নিহত সৈনিক মোহাম্মদ জামাল উদ্দিন, ওয়ারেন্ট অফিসার মো. আবুল কালাম আজাদ, সৈনিক মো. রায়হান আলী, ল্যান্স করপোরাল মোহাম্মদ আক্তার হোসেন এবং সৈনিক মো. রাশেদুজ্জমান, কঙ্গো মিশনে নিহত সৈনিক মো. জানে আলম এবং দক্ষিণ সুদানে নিহত সৈনিক মো. মতিয়ার রহমান, মো. মনজুর আলী, ল্যান্স করপোরাল মো. মিজানুর রহমান এবং লেফটেন্যান্ট কমান্ডার মো. আশরাফ সিদ্দিকী।

বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান আজ সারা বিশ্বে স্বীকৃত। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ একটি আদর্শ বা মডেল সদস্য। এ ক্ষেত্রে বাংলাদেশ এখন তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে নেতৃস্থানীয়। বাংলাদেশের শান্তিরক্ষীরা স্বাগতিক দেশের জনগণের সাথে আন্তরিক সম্পর্ক বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকে। আমাদের শান্তিসেনাদের বন্ধুত্বপূর্ণ আচরণ ও কাজ, মানবিক গুণাবলি, শৃঙ্খলা এবং স্থানীয় জনগণের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এই সুনামের পেছনে সবচেয়ে বেশি অবদান রাখে। প্রতিটি সেনা সদস্য দেশের একেকজন প্রতিনিধি/শান্তিদূত। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভালোবাসায় সিক্ত হয়ে আইভরি কোস্ট এবং সিয়েরা লিওন রাষ্ট্র দুটি বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করেছে, যা পুরো জাতির জন্য সম্মানের এবং গর্বের।

ভালোবাসার আরেকটি উদাহরণ হতে পারে আইভরি কোস্টে অবস্থিত ‘বাংলাদেশ রোড’ নামক রাস্তা এবং রূপসী বাংলা নামে তাদের গ্রাম। পুরো বিশ্বে শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশ যে ভালোবাসা অর্জন করেছে তা আমাদের দেশ এবং জাতির জন্য অনস্বীকার্য। বাংলাদেশের শান্তিরক্ষীরা গড়ে তুলেছেন বাংলাদেশ মৈত্রী স্কুল, বাংলাদেশ সেন্টার। সবচেয়ে বড় স্বীকৃতি ও প্রাপ্তি হলো যুদ্ধবিধ্বস্ত দেশসমূহের সাধারণ মানুষের মুখে ফুটিয়ে তোলা হাসি ও তাদের ভালোবাসা।
বাংলাদেশি শান্তিরক্ষীরা বিশ্বে সর্বত্র দক্ষতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে সাহায্য করেছেন এবং বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছেন। শান্তিরক্ষা কূটনীতি এখন জাতীয় কূটনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতপক্ষে প্রতিটি শান্তিরক্ষীই বিদেশে বাংলাদেশের শান্তিদূত।

বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের নিরাপত্তা এবং কৌশলগত পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে। অপ্রতিসম হুমকির উত্থান, রাষ্ট্রবিরোধী সদস্য ও সংগঠনের উপস্থিতি, কোভিড-১৯ মহামারির কারণে বিঘ্নিত পরিবেশ, জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক প্রভাব, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং তথ্য যোগাযোগ বিপ্লব জাতিসংঘ শান্তিরক্ষা পরিস্থিতিকে বহুগুণে জটিল করে তুলেছে। ফলশ্রুতিতে শান্তিরক্ষীরা নিজেরাও নানা প্রকার আক্রমণের শিকার হচ্ছেন। এ ছাড়া নারী ও শিশুরা ক্রমাগত বহুমুখী হুমকির সম্মুখীন হচ্ছেন। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের শান্তিরক্ষা কন্টিনজেনসমূহের সাংগঠনিক কাঠামো ও কার্যপদ্ধতির পরিবর্তন জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করেন।

বিবর্তনের ধারায় শান্তিরক্ষা কার্যক্রমে অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে ইন্টিগ্রেটেড অথবা মাল্টি আইমেনশনাল শান্তিরক্ষা মিশনগুলো দিন দিন জটিল এবং চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বর্তমানে ‘ডিজিটাল পিস কিপিং’ এবং ‘সাইবার পিস কিপিং’-এর বিষয়গুলো অনেক বেশি আলোচিত। শান্তিরক্ষা মিশনে যে ধরনের পরিবর্তন এবং চ্যালেঞ্জ সামনে আসছে তা কাটিয়ে উঠতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে। ‘ডিজিটাল পিস কিপিং’ এবং ‘সাইবার পিস কিপিং’ তারই অংশ। শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থেকে সেনা প্রেরণের ক্ষেত্রে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজ দায়িত্ব পালন করে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভবিষ্যতের সম্ভাবনার দুয়ার উম্মোচন করেছেন বাংলাদেশের শান্তি সেনারা।

সর্বোপরি বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান বিশ্বে শান্তি রক্ষায় অনেক উন্নতি এবং অগ্রগতি সাধন করে চলেছে। যার ফলে বিশ্বে বাংলাদেশ অনেক সুনাম এবং সমৃদ্ধি অর্জন করেছে। শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত সেনা সদস্যরা তাদের শৃঙ্খলার মান সমুন্নত রেখে অনেক উন্নত দেশের সেনাবাহিনীর সঙ্গে সমানভাবে এগিয়ে চলছেন, যা আমাদের দেশ এবং জাতির জন্য যেমন গর্বের, তেমন সম্মানের। আমাদের দেশের পররাষ্ট্রনীতি হলো ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ কারণ বাংলাদেশের মানুষ বিশ্ব শান্তিকে অমূল্য হিসেবে বিবেচনা করে। বাংলাদেশের সেনাদের প্রতি মানুষের ভালোবাসা এবং সম্মান বিশ্বের দরবারে তাদের করে তুলেছে আন্তর্জাতিক শান্তির প্রতীক এবং দেশের মানুষের কাছে তারা প্রকৃত জাতীয় বীর।

এ ছাড়া বাংলাদেশি শান্তিরক্ষীরা বাংলাদেশের অর্থনীতির ওপর উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে এবং বলাই বাহুল্য শুধু শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে প্রায় ২ হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স নিয়ে এসেছেন, যা দেশ ও জাতির উন্নতিতে অসামান্য ভূমিকা পালন করছে।

 

সূত্র: কালের কণ্ঠ