সিল্কসিটিনিউজ ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে সোনার দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতির শঙ্কা এবং যুক্তরাষ্ট্রের সুদহার বৃদ্ধির সম্ভাবনার ফলে মূল্যবান ধাতুর বাজারে ধস দেখা গেছে।
খবর রয়টার্স
শুক্রবার (২৩ অক্টোবর) স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৮ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ের পর এই প্রথম সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে এলো। আর ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭ দশমিক ৯০ ডলারে স্থির হয়েছে।

সৌদি আরব ও ইয়েমেনি গোষ্ঠী হুতির মধ্যে সংঘাতের ফলে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এর ফলে মূল্যস্ফীতির শঙ্কা যেমন বেড়েছে, তেমনি মার্কিন ফেডারেল রিজার্ভ ফের সুদের হার বাড়াতে পারে বলেও গুঞ্জন ছড়িয়েছে।
আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম ওয়াইকফ বলেন, ‘মূল্যস্ফীতির শঙ্কার ফলে বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো মুদ্রানীতিতে নমনীয়তা আনতে পারবে না। এই বিষয়টি সোনা ও রুপার বাজারে ক্রেতাদের উৎসাহে ঘাটতির বড় কারণ।
ওয়াইকফ আরো জানান, প্রযুক্তি খাতের শেয়ারে ব্যাপক দরপতনের কারণে ইকুইটি ট্রেডার ও বিনিয়োগকারীদের অতিরিক্ত তহবিলের চাহিদা দেখা দিয়েছে।
ফলে তারা সোনা ও রুপার মতো সুদবিহীন সম্পদ বিক্রির পথে হাঁটছেন।
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ দশমিক ৯৭ ডলারে নেমেছে। এ ছাড়া প্যালাডিয়াম ০ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৪৮ দশমিক ৩১ ডলার এবং প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৫৫ দশমিক ৮৪ ডলারে নেমেছে।
এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায়।
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হচ্ছে।









