সিল্কসিটিনিউজ ডেস্ক :
চাওয়াটা পূর্ণ হয়েছে মেহেদী হাসান মিরাজের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে সিরিজ জয়ের কথা জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। র্যাংকিংয়ে যেন নিজেদের অবস্থানটা পোক্ত হয়।
কেননা ২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে হলে র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে হবে।

আর সেরা আটে থাকতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে মিরাজ-লিটন দাসদের। ঘরের মাঠে টানা ৩ সিরিজ জিতে বর্তমানে ৯ নম্বরে আছে বাংলাদেশ। এই মুহূর্তে লাল-সবুজদের রেটিং পয়েন্ট ৮৩।
সেরা আটে জায়গা করে নিতে হলে খুব বেশি সময় আর পাবে না বাংলাদেশ।
আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত যারা শীর্ষ আটে থাকবে তারাই সরাসরি বিশ্বকাপে খেলবে। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ চারটি সিরিজ পাচ্ছে। প্রতিপক্ষররাও সহজ নয়—অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
তবে আশার কথা হচ্ছে শীর্ষ নয়ে থাকলেও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
এ জন্য অবশ্য বর্তমান পজিশনটা ধরে রাখতে হবে মিরাজের দলকে। কারণ, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। স্বাগতিক হওয়ায় বর্তমানে ৫ নম্বরে থাকা এমনিতেই সরাসরি খেলবে। সেক্ষেত্রে ৯ নম্বরে যে দল থাকবে তারাই প্রোটিয়াদের জায়গা পূরণ করবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী দক্ষিণ আফ্রিকারও সেরা আট থেকে বের হওয়ার সুযোগ নেই বললেই চলে।
এখন বাংলাদেশ নিজের কাজটা ঠিকঠাক করতে পারলেই হয়। তবে দুই বারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ সেটা হতে দিতে কিনা সেই শঙ্কা থেকেই যায়। ৭৭ পয়েন্ট নিয়ে বর্তমানে ১০ নম্বরে আছে ক্যারিবিয়ানরা। প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে অবশ্য ভাবছেন না মিরাজ। নিজেদের খেলায় মনোযোগী হতে চান।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর তাই মিরাজ বলেছেন, ‘বিশ্বকাপে কোয়ালিফাই করাটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমাদের ভালো ক্রিকেট খেলাটাও জরুরি। কারণ, আমরা যদি ভালো ক্রিকেট না খেলতে পারি তাহলে ওটা আমরা করতে পারব না। ফলাফল একটা ব্যাপার, তবে প্রক্রিয়া হলো আমাদের ভালো ক্রিকেট খেলা। আমরা যদি পারফর্ম করতে পারি, একেকটি ম্যাচ জিতে এগিয়ে যেতে পারি এবং সবাই যদি আত্মবিশ্বাসী থাকে, তাহলে আমার মনে হয় ওটা অর্জন করা সম্ভব। শীর্ষ ৯ নম্বরের ভেতরে থাকাটা সম্ভব—আমরা যদি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারি, আমার মনে হয় ৯ নম্বর নয়, আমরা আরও অনেক ওপরে যেতে পারি।’










