সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ লাউঞ্জে লাঞ্ছিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক।
শুক্রবার সকালে কক্সবাজার যাওয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন মুমিনুল। কিন্তু যাওয়ার আগে বিমানবন্দরে লাঞ্ছনার শিকার হন জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান।

হতাশ হয়ে মুমিনুল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘আজ খুব লাঞ্ছিত হয়েছি এয়ারপোর্টে। বাংলাদেশ আনসাররা খুব খারাপ ব্যবহার করেছে।’
বিস্তারিত জানতে মুমিনুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ নিয়ে পরে কথা বলব।’
কক্সবাজারে পৌঁছে নিজের স্ট্যাটাসটি ফেসবুক থেকে মুছে দেন মুমিনুল। জানা গেছে, তিনি আনুষ্ঠানিক কোনো অভিযোগ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে করেননি।
পাঁজরের চোটের কারণে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলতে পারেননি মুমিনুল। টেস্ট শুরু হওয়ার পর মুশফিকুর রহিমের সঙ্গে ২১ জানুয়ারি ঢাকায় ফিরে আসেন তিনি। ঢাকায় চিকিৎসা নেওয়ার পর আজ নিজ শহরে ফিরে গেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৩০ জানুয়ারি আবার তিনি ঢাকায় ফিরবেন।
সূত্র: রাইজিংবিডি










