জাতীয়

বিএসএফের হাতে আটক পুলিশ সদস্যরা নিরাপদ আছেন, ফেরাতে আলোচনা চলছে

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের হাদে আটক পুলিশ সদস্যদের ফেরাতে যোগাযোগ চলছে বলে জানিয়েছে বিজিবি। আজ শুক্রবার রাজধানীর পিলখানায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে তারা সম্পূর্ণ নিরাপদ ও আনহার্মড (অক্ষত) অবস্থায় রয়েছেন। তাদের কোনো প্রকার শারীরিক ক্ষতি হয়নি।

দুই পুলিশ সদস্যকে ফেরত আনার ব্যাপারে অফিশিয়াল পর্যায়ে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে বলে জানান মাহবুব মুর্শেদ। বলেন, তাদের হস্তান্তরের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

খুব শিগগিরই তাদের ফেরত আনা হবে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্য। প্রায় ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পর্যন্ত তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ।

 

এদিকে দুর্গাপূজায় সারা দেশের দুই হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে জানান মাহবুব মুর্শেদ। তিনি জানান, সীমান্তবর্তী এক হাজার ৪২৫টি মণ্ডপের নিরাপত্তার পাশাপাশি দুর্গম এলাকায় স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প। নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে চালু করা হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ও বিশেষ মনিটরিং সেল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও উসকানিমূলক খবর ছড়ানোর আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছে বাহিনীটি।