সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন খান মুন্তাজের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৭ জানুয়ারি) পাবনা জেলা বিএনপির ব্যানারে শহরের জুবলী ট্যাংকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি চাপা মসজিদ হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ ও সেলিম সরদার, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তসলিম হাসান খান সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান হাবীব আকাশ এবং সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা।
বক্তারা মমতাজ উদ্দিন খান মুন্তাজের মুক্তির দাবি জানিয়ে বলেন, দলীয় নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা ও গ্রেফতার করে সরকার আমাদের দমন করার চেষ্টা চালাচ্ছে। তবে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নেতার মুক্তি নিশ্চিত করবো।
তারা অবিলম্বে মমতাজ উদ্দিন খান মুন্তাজের মুক্তির দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে পাবনায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।









