স্বাস্থ্য

বাড়িতে রক্তচাপ মাপার সময় যেসব ভুল এড়িয়ে চলা জরুরি

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আজকাল অনেকেই ঘরেই রক্তচাপ মেপে থাকেন, বিশেষত বাড়িতে বয়স্ক সদস্য থাকলে। হাতে একটি ডিজিটাল যন্ত্র থাকলেই সহজেই রক্তচাপ মাপা যায়। কিন্তু প্রতিদিন মাপার পরও যদি রিডিং বারবার বদলে যেতে থাকে, তাহলে শুধু যন্ত্রকে দোষ দিয়ে লাভ নেই—সমস্যা হতে পারে মাপার পদ্ধতিতেই। বিশেষজ্ঞরা বলেন, রক্তচাপ মাপার সময় কিছু ভুল অভ্যাস রিডিং-কে ভ্রান্ত করতে পারে।

যেমন, আরাম করে বসে পায়ের উপর পা তুলে রাখা, চা খাওয়া কিংবা কথা বলতে বলতে রক্তচাপ মাপা—এসব করলে সঠিক পরিমাপ পাওয়া যায় না।পূর্ণবয়স্ক একজন মানুষের আদর্শ রক্তচাপ ১২০/৮০। যদি তা ১৪০/৯০ বা তার বেশি হয় তবে রক্তচাপ বেড়েছে। যদি তা ১১০/৬০ বা তার নিচে নেমে যায় তবে রক্তচাপ কম।

চলুন, জেনে নিই রক্তচাপ সঠিকভাবে মাপার জন্য যে নিয়মগুলো মেনে চলা জরুরি।বসার সঠিক ভঙ্গি
চেয়ারে পিঠ সোজা রেখে আরাম করে বসুন। পা মাটিতে রাখুন, পায়ের উপর পা তুলে বসবেন না। মাপার আগে অন্তত ৫ মিনিট আরাম করুন।

হন্তদন্ত হয়ে বা তাড়াহুড়ো করে এসে সঙ্গে সঙ্গে মাপবেন না।কাফ বাঁধার নিয়ম
কাফ খুব ঢিলা বা বেশি আঁটসাঁট হওয়া ঠিক নয়। কাফের নিচে যেন একটি আঙুল যায়, এতটাই ফাঁক রাখুন। সরাসরি ত্বকের উপর কাফ লাগান, পোশাকের ওপর নয়। বাঁ হাতে মাপাই ভালো, কারণ হার্ট বাঁ পাশে থাকে।

রক্তচাপ মাপার সময় কী করা উচিত নয়
কথা বলা বা মোবাইলে ব্যস্ত থাকা ঠিক নয়। প্রস্রাব চেপে রাখলে মাপ সঠিক আসবে না। রক্তচাপ মাপার অন্তত ৩০ মিনিট আগে ধূমপান, চা, কফি, অ্যালকোহল বা ভারী খাবার থেকে বিরত থাকুন

কখন রক্তচাপ মাপা সবচেয়ে ভালো?
যাদের রক্তচাপ ওঠানামা করে, তারা দিনে ২–৩ বার মাপতে পারেন—সকাল, দুপুর ও বিকালে। প্রয়োজনে রাতে একবার মাপা যেতে পারে। যারা ঘরেই থাকেন এবং দৈহিক পরিশ্রম কম, তাদের জন্য দিনে একবারই যথেষ্ট। রক্তচাপ মাপা যত সহজ, ঠিকভাবে না মাপলে ভুল ফল পাওয়া ততটাই সহজ। তাই নিয়ম মেনে মাপুন, নিজেকে সুস্থ রাখুন।