অর্থ ও বাণিজ্য

বাজেটে নারীবান্ধব কর্মসূচিতে ১৫০ কোটি টাকা বরাদ্দের দাবি

নিউজ ডেস্ক১৭ মে ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী অর্থবছরের (২০১৯-২০) বাজেটে ১৫০ কোটি টাকা নারীবান্ধব কর্মসূচি উন্নয়নে বরাদ্দের দাবি জানিয়েছে উইমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ দাবির পাশাপাশি বেশ কিছু প্রস্তাবনাও তুলে ধরা হয়।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে মূলধন সংগ্রহের ব্যবস্থা, সব ধরনের সরকারি প্রকল্পে নারীদের জন্য ৩০ ভাগ বরাদ্দ, নারীদের করমুক্ত আয়সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা, কর্পোরেট কর ৩ ভাগ থেকে কমিয়ে ২৫ ভাগ করা, উৎস কর মওকুফ, কাঁচামাল আমদানির ওপর বিশেষ ছাড়, রফতানির ক্ষেত্রে ১০ ভাগ নগদ প্রণোদনা, আমদানিকৃত কাঁচামাল, মেশিনারির ট্যারিফমুক্ত রাখা।

সংবাদ সম্মেলনে ওয়েব’র সভপতি নাসরিন ফাতেমা আউয়াল বলেন, ২০১৯-২০ অর্থবছরের বাজেটের আকার ৫ লাখ ২৪ হাজার কোটি টাকা হবে বলে গণমাধ্যমের খবরে জানতে পেরেছি। জনগণ যাতে বৃহৎ বাজেটের ভার সহ্য করতে পারে সেদিকে লক্ষ্য রেখে সবার সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন সক্ষমতার ভিত্তিতে বাজেট প্রণয়ন করা উচিত বলে আমরা মনে করি।