বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগতিপাড়ায় অটোচালকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপোষের চেষ্টা করতে গিয়ে ইউপি চেয়ারম্যানের লোকজন লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে উত্তেজনা এড়াতে পুলিশি তৎপরতা দেখা যায়। তমালতলা-তেবাড়িয়া সড়কে অটো চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার সকালে উপজেলার তমালতলা ও কাকফো বাজারে ওই দুই এলাকার অটোচালকদের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয়, অটোচালক, প্রত্যক্ষদর্শী ও আহতদের সুত্রে জানা যায়, গত ১১ জানুয়ারী থেকে বাগাতিপাড়া উপজেলার সকল অটোকে নাটোর শহরে প্রবেশে বাধা দেওয়া হয়। গত ১১ দিন ধরে চলমান এ ঘটনায় বাগাতিপাড়ার কোন অটো তমালতলা-তেবাড়িয়া সড়কের উপজেলার সীমান্তবর্তী কাকফো বাজার অতিক্রম না করার সিদ্ধান্তে ওই বাজারে অস্থায়ী স্ট্যান্ড স্থাপন করে বাগাতিপাড়া অটোচালকরা।
এ সিদ্ধান্ত অমান্য করে স্ট্যান্ড অতিক্রম করার সময় তমালতলা এলাকার এক অটোচালককে বাধা দিলে প্রথমে কাকফো বাজারে সংঘর্ষ শুরু হয়। পরে তা তমালতলা এলাকায়ও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কাফকো এলাকার আনোয়ার, মিজান, নাজিম উদ্দিন, তমালতলা এলাকার জামিল, কায়ুমুদ্দিন, রশিদ আহত হয়। পরে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান তমালতলা বাজারে গিয়ে ঘটনাটি আপোষের চেষ্টা করেন।


সেখানে বিক্ষুব্ধ অটোচালকরা চেয়ারম্যানের সঙ্গে থাকা ৬ নম্বর কাকফো ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজুল ইসলামসহ মোহন, সোহেল, শামীম রেজা, আসলামকে লাঞ্চিত করে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।
পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে তমালতলা-তেবাড়িয়া সড়কে অটো চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার উপ পরিদর্শক আচানুল কবীর সিল্কসিটি নিউজকে জানান, জানতে পেরে ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। তবে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
স/শ









