নাটোর

বাগাতিপাড়ায় নিষিদ্ধ আকাশমণি চারা বিতরণ

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতি‌বেদক :

নাটোরের বাগাতিপাড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যুব দিবসের অনুষ্ঠানে আকাশমণি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন যুব উদ্যোক্তার হাতে আকাশমণি চারা, ঋণের চেক ও সম্মাননা দেওয়া হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১৫ মে ২০২৫ তারিখের প্রজ্ঞাপনে ইউক্যালিপটাস ও আকাশমণি—দুই প্রজাতির গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী এই প্রজাতির পরিবর্তে দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে।
চারা পাওয়া রহিমানপুর গ্রামের সনিয়া বেগম বলেন, ‘আমাকে ৬০ হাজার টাকার ঋণের চেকের সঙ্গে একটি আকাশমণি চারা দেওয়া হয়েছে।’ চাঁদপুর এলাকার মাসুদ রানা বলেন, ‘১ লাখ ২০ হাজার টাকার ঋণের চেকের সঙ্গে একটি আকাশমণি চারা পেয়েছি।’

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর দাবি করেন, ‘সরকার ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ করেছে, আকাশমণি নয়।

’ তবে বাগাতিপাড়া বন কর্মকর্তা এ বি এম আব্দুল্লাহ বলেন, ‘ইউক্যালিপটাস ও আকাশমণি—দুই প্রজাতিই রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ।’ ইউএনও মারুফ আফজাল রাজন জানান, বিষয়টি খোঁজ নিয়ে পরে জানানো হবে।
সরকারি প্রজ্ঞাপনের স্পষ্ট নির্দেশনার পরও এই বিতর্কিত গাছের চারা বিতরণে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।