নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে তফসিল ঘোষণা করে অক্টোবর মাস থেকে ধাপে ধাপে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদ) অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলমও জানিয়েছেন, বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে প্রস্তুতির বার্তা আসার পর থেকেই দেশের বিভিন্ন এলাকার মতো রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নেও শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।

এরই ধারাবাহিকতায় বাগমারা উপজেলার ১২ নম্বর ঝিকড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফিরোজুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক কার্যক্রমের মাধ্যমে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছেন।
এলাকার অনেক ভোটার মনে করছেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবেন।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজুল ইসলাম বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সততা, জবাবদিহিতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝিকড়া ইউনিয়নের উন্নয়নে কাজ করব। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।









