বিজ্ঞান ও প্রযুক্তি

বাকশক্তিহীনরাও বলবেন কথা!

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: পক্ষাঘাতগ্রস্ত বা স্নায়ু রোগের কারণে অনেকে মুখ দিয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। তাদের চিন্তা-ভাবনা বা কথা মস্তিষ্কেই থেকে যায়।

এসব রোগীদের জন্য সুখবর আসছে। তারাও মনের ভাব প্রকাশ করতে পারবেন। তবে মুখ দিয়ে নয়, তারা যা চিন্তা করেন বা বলতে চান তা প্রকাশ করতে পারবেন যন্ত্রের মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি ও নর্থওয়েল হেলথের বিজ্ঞানীরা সেই বিশেষ যন্ত্র উদ্ভাবনের দ্বারপ্রান্তে রয়েছেন।

তাদের দাবি, যন্ত্রটির মাধ্যমে মস্তিষ্ককে একটি ইলেকট্রোডসের সঙ্গে জুড়ে ভেতরের তরঙ্গ শনাক্ত করা যাবে। আর কথা বলার সময় মস্তিষ্কে খেলা করা সূক্ষ্ম তরঙ্গ শনাক্ত করে যন্ত্রটি তা সরল ভাষায় রূপ দেবে।

এ ক্ষেত্রে শতাব্দীর শ্রেষ্ঠ পদার্থবিদ প্রয়াত স্টিফেন হকিংকে আইডল হিসেবে নিয়েছেন বিজ্ঞানীরা। বিরল স্নায়ু রোগে আক্রান্ত হকিং ৩০ বছর কথা বলতে পারেননি।

হুইলচেয়ারের সঙ্গে যুক্ত কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে তার চিন্তা কথায় রূপ নিত। হাতে রাখা যন্ত্রে ক্লিক করে হকিং কম্পিউটারের স্ক্রিনে নিজের কথা লিখে বোঝাতেন।

কলম্বিয়া ইউনিভার্সিটি ও নর্থওয়েল হেলথের নিউরোসায়েন্টিস্ট ও প্রকৌশলীরা জানিয়েছেন, সম্প্রতি তারা মানুষের মস্তিষ্কের পূর্ণ মানচিত্র তৈরি করতে পেরেছেন। যে অংশ কথা বলার কাজে ব্যবহৃত হয় তার নিউরনের অলিগলিও ভালোভাবে শনাক্ত হয়েছে।

তাই বিজ্ঞানীরা মনে করছেন, যারা স্বরযন্ত্র ব্যবহার করে কথা বলতে পারেন না, তাদের মস্তিষ্কের বৈদ্যুতিক তরঙ্গ শনাক্ত করে তা ভাষার অক্ষরে রূপান্তরের যন্ত্র শিগগির উদ্ভাবন করা যাবে।

ডেইলি মেইল অবলম্বনে