নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের আয়োজনে ২৩তম আঞ্চলিক পরিষদ অধিবেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহীর গাইড হাউসে দিনব্যাপী এ অধিবেশনের উদ্বোধন করা হয়।

অধিবেশনে বক্তারা বলেন, গার্ল গাইড আন্দোলন মেয়েদের নেতৃত্বগুণ, আত্মনির্ভরতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান সময়ে মেয়েদের সক্ষমতা বৃদ্ধি ও সুরক্ষায় গার্ল গাইডস একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সাবিনা ফেরদৌস এবং ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ।
অধিবেশনে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা।
দুই পর্বে অনুষ্ঠিত এই অধিবেশনের প্রথম পর্ব ছিল উদ্বোধনী অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মূল অধিবেশন কার্যক্রম। রাজশাহী অঞ্চলের ৮টি জেলা থেকে আগত গাইডার, কমিশনার, ট্রেইনার, সদস্য ও অফিস স্টাফসহ প্রায় ৪০০ প্রতিনিধি এতে অংশ নেন।









