বিজ্ঞান ও প্রযুক্তি

বাংলাদেশে ২ কর্মকর্তা নিচ্ছে ফেইসবুক, আবেদন নেয়া হচ্ছে

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০১৯৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবলিক পলিসি ম্যানেজার এবং মার্কেট স্পেশালিস্ট নামে দুটি পদে বাংলাদেশের জন্য কর্মকর্তা নিয়োগ দিচ্ছে ফেইসবুক।

দুটি পদে লোক নিয়োগে ইতোমধ্যে বিজ্ঞাপনও দিয়েছে বিশ্বখ্যাত সোশ্যাল মিডিয়াটি। মাস দু’য়েকের বেশি সময় আগে এই বিজ্ঞাপন দিলেও এখনও পদ দুটিতে অনলাইন আবেদন উম্মুক্ত রাখা হয়েছে।

যদিও এরমধ্যেই পদ দুটিতে নিয়োগ নিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে আলোচনা করছে ফেইসবুক। কিছু আবেদন যাচাই-বাছাইও করেছে তারা, যেখানে অপেক্ষাকৃত অনেক তরুণ আবেদনকারীও রয়েছেন।

পাবলিক পলিসি ম্যানেজার পদে দেশের তথ্যপ্রযুক্তি খাতে সুপরিচিত একজনকে পেতে চাইছে ফেইসবুক, যার সঙ্গে অনেকদিন হতেই যোগাযোগ করে আসছে প্রতিষ্ঠানটি। তবে এই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও সংগঠকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য বা তথ্যের বিষয়ে কথা বলতে রাজি হননি।

পাবলিক পলিসি ম্যানেজার পদটি ভারতের নিউ দিল্লিভিত্তিক ফেইসবুকের কমিউনিকেশন অ্যান্ড পাবলিক পলিসি বিভাগের।  নিয়োগ পাওয়া কর্মকর্তা সাউথ এশিয়া পাবলিক পলিসি টিমের অংশ  হবেন। তিনি রিপোর্ট করবেন সাউথ এশিয়া পাবলিক পলিসি ডিরেক্টরের কাছে, কাজ করতে হবে টিমের ক্রস-ফাংশনাল টিডারদের সাথে।

আর মার্কেট স্পেশালিস্ট, মার্কেট অপারেশন বাংলাদেশ পদটি গ্লোবাল অপারেশন্সে আয়ার‌্যান্ডের ডাবলিনভিত্তিক। নিয়োগ পাওয়া কর্মকর্তা কাজ করবেন সাউথ এশিয়ার রিজিওনাল অপারেশন্স টিমের সাথে। তার অন্যতম কাজের মধ্যে রিপোর্ট করা গুরুত্বপূর্ণ কনটেন্ট রিভিউ, ব্যবহারকারীর অ্যাকাউন্ট বিষয়ে বিভিন্ন ইস্যুর সমাধান, সাউথ এশিয়া রিজিয়নের সাপোর্ট অভিজ্ঞতার উন্নয়ন ইত্যাদি।

বাংলাদেশে ফেইসবুকের অফিস খোলার আলোচনা সেই ২০১৪ সাল হতে। দীর্ঘ সময় ধরে ফেইসবুককে এই বিষয়ে বলে আসছে সরকার।

গত কয়েক বছরেই গুজব, নাশকতায় সন্ত্রাসী গোষ্ঠীর প্রোপাগান্ডা, পর্নোগ্রাফি, ভুয়া পেইজ, রাজনৈতিক ও দেশ বিরোধী অপপ্রচার, প্রশ্ন ফাঁসের মতো ইস্যুতে ফেইসবুক ব্যবহারের বিষয়টি এসেছে। যেখানে  সরকার এই সোশ্যাল মিডিয়া জায়ান্টটির দ্রুত রেন্সপন্স চেয়েছে সবসময়।

এছাড়া দেশে বিপুল পরিমাণ ব্যবসার বিপরীতে ফেইসবুক যে  ভ্যাট-ট্যাক্স দিচ্ছে না সেটিও গত বছর সামনে এসেছে। সরকার ইতোমধ্যে ফেইসবুককে এই ভ্যাট-ট্যাক্স দিতে বলেছে।

আর এসব কারণেই সরকারের চাপে শেষ পর্যন্ত সম্প্রতি বাংলাদেশের জন্য দেশে এই নিয়োগের উদ্যোগ ফেইসবুক।

মূলত চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফেইসবুক প্রতিনিধিদের সঙ্গে  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের বৈঠকের পর এই প্রতিনিধি নিয়োগের প্রক্রিয়ায় গতি আসে।

গত দু’দিন ধরে ফেইসবুকের উচ্চপর্যায়ের ৮ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ অবস্থান করছে। দলের নেতৃত্বে রয়েছেন ফেইসবুকের হেড অব সেফটি বিক্রম সেনগ। অন্য সদস্যরা হরেন ফেইসবুক পাবলিক পলিসি বিষয়ক পরিচালক অশ্বনি রানা, শিবনাথ থাকরাল, পাবলিক পলিসি ম্যানেজার বরুণ রেড্ডি, সুমন্ত বিশ্বাস, প্রডাক্ট লেভেল ট্রান্সলেটর টবি ফারনাল, পাবলিক পলিসি ম্যানেজার রিসাব দারা, স্ট্র্যাট্রেজি ম্যানেজার ম্যাট স্যানসেন এবং ফেইসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরম ইকবাল।

সোমবার ঢাকার বিটিআরসি মিলনায়তনে সরকারের সঙ্গে বৈঠকে প্রতিনিধিরা জানান ৪ সপ্তাহের মধ্যে বাংলাদেশের জন্য প্রতিনিধি নিয়োগের বিষয়টি চূড়ান্ত করবেন তারা।