সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

বাংলাদেশে অসাবধানতায় বাসা-বাড়িতে পুড়ে যাচ্ছে বহু মানুষের শরীর

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০১৮২ মিনিট পড়া
বাংলাদেশে অসাবধানতায় বাসা-বাড়িতে পুড়ে যাচ্ছে বহু মানুষের শরীর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একমাস আগে আগুনে পুড়ে যান মোহাম্মদ রমজান। সিলেটের জৈন্তাপুরে বাসা-বাড়ীতে পাইপ জোড়া লাগানোর কাজের সময় তার শরীরের ৪৫ শতাংশ ঝলসে যায়।

প্রথমে সিলেট মেডিকেলে নিয়ে গেলেও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে তার চিকিৎসা শুরু করা হয়।

মি. রমজানের ভাই মোহর আলী বলছিলেন, “বাসার টুকটাক কাজ আমরা বাসায় করি, কিন্তু সেদিন যে এমন দুর্ঘটনা ঘটবে সেটা কারো চিন্তায় ছিল না।”

মি. রমজান ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালের বার্ন ইউনিটে একমাস ধরে চিকিৎসা নিচ্ছেন।

তার মত অনেকেই বাসা-বাড়িতে বিভিন্ন কাজ করতে যেয়ে আবার অনেক সময় গ্যাস সিলিন্ডার বিস্ফারণ, গরম পানি বা বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে পুড়ে অনেকেই অগ্নিদগ্ধ হন।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট বলছে, সারাদেশে বছরে আনুমানিক ছয় লক্ষ লোক আগুনে পুড়ে যায়।

আর আগুনে পুড়ে প্রতিদিন বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসছেন ২০ থেকে ২৫ জন।

বাংলাদেশের বেশির ভাগ বাসা বাড়িতেই অগ্নিনির্বাপকযন্ত্র নেই। চিকিৎসকরা বলছেন, যখন তারা চিকিৎসা নিতে আসেন তখন দেখা যায় তাদের মধ্যে সচেতনতার ভীষণ অভাব রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ড. সামন্ত লাল সেন বলেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারলে অগ্নিকান্ডের ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

বিবিসি বাংলা