সিল্কসিটিনিউজ ডেস্ক:
নতুন বছরের পার্টি চলছিল৷ ক্যাম্পিনাস শহরের এই পার্টিতে উড়ছিল শ্যাম্পেনের বোতল৷ আনন্দের লহরের মাঝেই মৃত্যুর বিভীষিকা৷ আচমকা গুলির বৃষ্টি৷ এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালিয়ে অন্তত ১১ জনকে খুন করেছে৷ নিহতদের মধ্যে রয়েছেন তার প্রাক্তন স্ত্রী ও আট বছরের শিশু সন্তান৷

নির্বিচারে মানুষ মেরে আত্মঘাতী হয়েছে ওই বন্দুকধারী৷ জানাচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স৷ স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, গুলিতে জখম হয়েছেন অন্তত ১৫ জন৷ তাদের অবস্থা গুরুতর৷
সাও পাওলো শহরের পুলিশ তদন্তে নেমেছে৷ হামলাকারীর পরিচয় জানার চেষ্টা চলছে৷ নিহত অন্যান্যদেরও পরিচয় খোঁজা হচ্ছে৷
এলাকাবাসী জানিয়েছেন, নতুন বছর শুরুর আনন্দে প্রচুর আতশবাজি ফাটছিল৷ হামলাকারী সেই সুযোগে এলোপাথাড়ি গুলি চালায়৷ প্রথমে কিছুই বুঝতে পারা যায়নি৷ কোনওরকমে যারা পালাতে পেরেছিলেন তাঁদের কাছেই বিষয়টি জানতে পারা যায়৷ খবর পেয়ে পুলিশ এলাকা ঘিরে নেয়৷ ব্রাজিলে সদ্য গ্রিসের রাষ্ট্রদূত খুনের ঘটনা ঘটেছে৷ তারপরেই ঘটল এই মর্মান্তিক হামলা৷
সূত্র: কলকাতা 24









