সদ্য প্রকাশিত
মতামত

বন্ধুত্ব স্বার্থহীন ভালোবাসার এক সুদৃঢ় বন্ধন

নিউজ ডেস্ক৫ আগস্ট ২০১৮৪ মিনিট পড়া
বন্ধুত্ব স্বার্থহীন ভালোবাসার এক সুদৃঢ় বন্ধন

মনিরুজ্জামান শেখ রাহুল

মানুষকে সামাজিক জীব বলা হয়ে থাকে। একাকি কোন মানুষই এই বিশ্বজগতে বসবাস করতে পারে না। জীবনে চলার পথে প্রয়োজন হয় সঙ্গীর। সেই সঙ্গী অর্থ্যাৎ বন্ধু প্রতিটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বন্ধু দিবসের উৎপত্তির পেছনে রয়েছে অনেক ইতিহাস। এর ইতিহাস খুজতে গিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়।

জানা যায়, ১৯১৯ সালে হলমার্কের প্রতিষ্ঠাতা জয়েস হল বন্ধু দিবসের ধারণা উত্থাপন করেন। কারন এই দিনে সবাই বন্ধুদেরকে উপহার দেওয়ার জন্য কার্ড, ফুল সহ অনান্য উপহার কিনবে। এতে তার শৌখিন জিনিসের বিক্রি বাড়বে।

আবার জানা যায়, ১৯৩৫ সালের যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি নিহত হন। সেদিন ছিল আগস্ট মাসের প্রথম শনিবার। বন্ধুকে হারানোর কষ্ট সহ্য করতে না পেরে পরের দিন রবিবার তার এক বন্ধু আত্মহত্যা করে। এই ঘটনায় সে সময় চারিদিকে উত্তেজনা বিরাজ করে। বন্ধুর জন্য নিজের জীবন ত্যাগ করা নিঃসন্দেহে স্বার্থহীন ভালোবাসার পরিচায়ক। তৎকালীন মার্কিন কংগ্রেস এই ঘটনার পরিপ্রেক্ষিতে বন্ধুত্বের প্রতি সম্মান জানিয়ে আগস্ট মাসের প্রথম রবিবার কে বন্ধু দিবস হিসেবে ঘোষণা দেয়।

এছাড়াও জানা গেছে ১৯৫৮ সালের ২০ জুলাই ড. ব্রাচো যখন তিনি তার বন্ধুদেরকে নিয়ে পুয়ার্তো তে নৈশভোজ করেছিলেন। তিনি প্রস্তাবিত করেছিলেন ১৯৫৮ সালে ৩০ জুলাইকে বন্ধু দিবস হিসেবে স্বীকৃতি দিতে। অবশেষে ২০১১ সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে বাংলাদেশ, ভারত সহ বিশ্বের অনেক দেশের মানুষেরা আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধু দিবস পালন করে।

বন্ধুত্ব শব্দটি ছোট হলেও এর অর্থ ব্যাপক। এই সম্পর্ককে কোন যন্ত্র দিয়ে মাপা যায় না, কোন ভাষা দিয়ে সজ্ঞায়িত করা যায় না। বন্ধুত্ব শুধু যে সমবয়সী ছেলে মেয়েদের মধ্যেই হয়, এমন ধারনা সত্য নয়। বন্ধুত্ব বাবা-মা সহ সকল শুভাকাঙ্খীদের সাথে হয়ে থাকে। তাই সমাজে বসবাস করতে গেলে কাউকে আপন করে নিতে হয়। সেই আপন করা নামই বন্ধুত্ব, যেটা স্বার্থহীন ভালোবাসার এক সুদৃঢ় বন্ধন। প্রযুক্তির আশির্বাদে পুরো পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। ধরত্রীমন্ডল এখন পরিণত হয়েছে একটি সমাজে। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে নিজ দেশ সহ দেশের বাইরে বিভিন্ন মানুষের সাথে এই ভালোবাসার বন্ধনটির সূত্রপাত ঘটছে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, “আমরা মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই”। অর্থাৎ একজন বন্ধুর নিকট থেকে মমতা, সমবেদনা ও সকল ধরনের সাহায্য পাওয়া যায়, সেজন্য বন্ধু দরকার। বন্ধু ছাড়া জীবন অর্থহীন হয়ে পড়ে। বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন, তেমনি জীবন সংগ্রামে লড়াই করতে গেলে বন্ধু আবশ্যক। এই সম্পর্ক নিষ্পাপ, যেন চাঁদনী রাতের মত। চাঁদনী রাতে যেমন যেদিকেই যাই চাঁদ আমাদের সাথে সাথেই যায়, তেমনি বন্ধু সবসময় পাশে থাকে। প্রচন্ড পিপাসার্থ অবস্থায় এক গ্লাস ঠান্ডা পানি যেমনভাবে মনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে, তেমনভাবেই একজন সত্যিকারের বন্ধু বিপদের সময় অগ্রসর হয়ে এসে তার বন্ধুর সমস্যার সমাধানে সচেষ্ট হয়। ভালো বন্ধু বলে কিছু নেই। বন্ধু হয়ে যে প্রতারনা করে, সে শত্রু। বন্ধু ত বন্ধুই। তার ব্যাখা করাটা অসম্ভব।

বন্ধুর সম্পর্ক হয় চিরস্থায়ী, চিরসবুজ। এই সম্পর্কের কাছে সকল প্রকারের প্রলোভন হার মানে। যা কোনভাবে রুপান্তর হয় না। বলা হয় বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। কিন্তু আমি এই উক্তির সাথে একমত নই। কেননা প্রযুক্তির আশির্বাদে বিভিন্ন অনলাইন সাইটে আজকের দিনের শ্রুতিমধুর লেখা বা বাণী দেখা যাবে।
সামাজিক যোগযোগের মাধ্যম ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে বন্ধু দিবসের বিভিন্ন মধুর পোস্ট দেখা যাবে। তবে এখানে কোন মানুষের আবেগের কমতি দেখা যাবে না। সকাল হলেই কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেলফি তোলার হিড়িক লেগে যাবে বন্ধুপ্রাণ মানুষদের মাঝে। তবুও এই স্মৃতি তাদের কাছে একদিন মান্না দে-এর গাওয়া “কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই” গানটির মত মনে করিয়ে দিবে অতীত জীবনের আনন্দঘন মুহূর্তগুলো।

সত্যিই বন্ধুত্ব বড়ই মজাদার ও ভালোবাসাপূর্ণ। বন্ধুর কাধে কাধে মিলিয়ে অগ্রসর হলে পর্বত সমতুল্য বাধাও যেন তুচ্ছ মনে হয়। সাথে থাকলে বন্ধু যেন অনায়াশেই বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। তাই সকল বন্ধুর সৌহার্দপূর্ণ সম্পর্ক অটুট থাকুক। শুধু আগস্ট মাসের প্রথম রবিবার কেন? বন্ধু দিবসের জন্য কোন নির্দিষ্ট দিন লাগে না। জীবনের প্রতিটি দিনই বন্ধুর প্রতি ভালোবাসার দিন হোক, এই প্রত্যাশা করি। বন্ধুর মধ্যে থাকুক নির্ভরতার বিশ্বস্ততা। বন্ধুত্ব তখনই হবে অনাবিল প্রশান্তির যখন তার মধ্যে কোন বিনিময়ের নির্মমতা থাকবে না। তাই বন্ধুত্বের মাধ্যমে ভাতৃত্ব প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এই বিশ্বজগত হোক সুখের স্থান, এই কামনা করি। বন্ধু দিবসের সকল বন্ধুর প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা।