সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে একজন। এর আগে ট্রলারডুবির পরপরই অন্য ট্রলারের মাঝিমাল্লাদের সাহায্যে ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উদ্ধার হওয়া ট্রলারের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জেলেরা হলেন মো. এহেছান (২৮) ও লেড়ু মিয়া (২৫)। এর মধ্যে এহেছান বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী গ্রামের মো. আলমের ছেলে এবং লেড়ু মিয়া উপজেলার পূর্ব আলী আকবর ডেইল গ্রামের বাসিন্দা। এখনোও নিখোঁজ রয়েছেন অমজাখালী মাহামুল করিমের পুত্র কিশোর ফয়সাল।

উদ্ধার হওয়া জেলে ও স্থানীয়রা জানিয়েছেন, গত ৮ জানুয়ারি ‘এফবি মায়ের দোয়া’ নামে ট্রলারটি কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।

এক পর্যায়ে গভীর রাতে ট্রলারটি ডুবে গেলে আট মাঝিমাল্লা অন্য ট্রলারের সাহায্যে জীবিত উদ্ধার হয়। এরপর থেকে ৩ মাঝিমাল্লা নিখোঁজ থাকে। পরে ট্রলারটি গতকাল রাতে কুতুবদিয়া নিয়ে আসা হলে ট্রলারের ভেতরে তল্লাশি চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক।

তিনি জানান, ট্রলার ডুবির পর গতকাল মালিকের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। উদ্ধার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।