নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শাজাহানপুরে বিএসটিআই’র অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১লক্ষ ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই-এর অভিযানে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে ‘ফার্মেন্টেড মিল্ক (দই) ও মুড়ি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় জামাদারপুকুর এলাকার ‘মেসার্স ভাই ভাই দই ঘর ও মেসার্স পলক অটো মুড়ি মিল’কে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ মোতাবেক মোট ৬০ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া ওজন ও পরিমাপে কম দেওয়ায় নয়মাইল এলাকায় অবস্থিত ‘মেসার্স ফারহান ফিলিং স্টেশন’কে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ মোতাবেক ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, পাম্পটিতে প্রতি ১০ লিটার প্রেট্রোল ও ডিজেলে যথাক্রমে ১৬০ মি.লি. ও ৮০ মি.লি. কম পাওয়া যায়।
অভিযান পরিচালনা করেন, শাজাহানপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশিক খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বগুড়া বিএসটিআই জেলা অফিস পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মো. মিজানুর রহমান। সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা পুলিশের সদস্যবৃন্দ।
জি/আর









