বগুড়া

বগুড়ায় ছুরিকাঘাতে একজন নিহত

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম মুন্না (৫১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মুন্না ওই এলাকার মৃত চিকিৎসক ইয়াছিন আলীর ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফেরার পথে সায়েম নামের এক যুবকের সঙ্গে মুন্নার দেখা হয়।

এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে সায়েম তার কাছে থাকা ছুরি দিয়ে মুন্নার পেটে আঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

তবে নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিনের দাবি, রাত সাড়ে ১০টার দিকে ছেলের জন্য রুটি কিনতে গিয়ে ফেরার পথে ৫ থেকে ৬ জন মুন্নাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। পরে তিনি দৌড়ে বড় ভাই মাহিদুল ইসলামের বাড়িতে গিয়ে বিষয়টি জানান। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মাহিদুল ইসলাম বলেন, টাকা পাওনা নিয়ে গত বছর করা মামলাটি তুলে নিতে প্রতিপক্ষ মুন্নাকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আনাম বলেন, ঘটনার পর অভিযুক্ত সায়েম ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।