সিল্কসিটিনিউজ ডেস্ক :
আমাদের মধ্যে অনেকেই পুরো সপ্তাহের বাজার একসঙ্গে করে ফ্রিজে গুছিয়ে রাখেন। কিন্তু দুই দিন যেতে না যেতেই দেখা যায়, শুকিয়ে হলুদ হতে শুরু করে। এই অগ্নিমূল্যের বাজারে এভাবে শাক-সবজি নষ্ট হওয়া মানেই মাসের বাজেটে বড়সড় ধাক্কা লাগা।
ফ্রিজে রাখার পরও কেন সবজি ভালো থাকছে না, তা নিয়ে পুষ্টিবিদ ও গৃহস্থালি বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা যন্ত্রের নয়, বরং সবজি রাখার পদ্ধতিতেই রয়েছে গলদ।

সামান্য কিছু নিয়ম মেনে চললেই ফ্রিজে রাখা সবজি দিনের পর দিন তরতাজা থাকবে।
সবজি ফ্রিজে রাখতে গিয়ে আমরা কিছু ভুল করে ফেলি। তারমধ্যে সবচেয়ে বড় ভুল সবজি ধুয়ে ফ্রিজে রাখা। অনেকেরই অভ্যাস বাজার থেকে সবজি এনেই সব ধুয়ে ফ্রিজে ঢোকানো।
বিশেষজ্ঞদের মতে, সবজি ভেজা অবস্থায় ফ্রিজে রাখলে অতিরিক্ত আর্দ্রতার কারণে তাতে দ্রুত পচন ধরে এবং জীবাণু বা ছত্রাকের আক্রমণ হয়।
সবজির গায়ে লেগে থাকা পানির কণাই পচনের প্রধান কারণ। বরং সবজি না ধুয়ে, শুকনা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে বা বাতাসে শুকিয়ে নিয়ে তবেই ফ্রিজে রাখুন। রান্নার ঠিক আগে ধুয়ে নেওয়াই ভালো।
যদি একান্তই ধুতে হয়, তবে তা সম্পূর্ণ শুকিয়ে নিয়ে তবেই সংরক্ষণ করুন।
‘ইথিলিন’ গ্যাস
সবজি তাজা রাখার পথে আরেকটি বাধা হলো ইথিলিন নামক একপ্রকার গ্যাস। আপেল, টমেটো, পাকা কলা, পিচ, অ্যাভোকাডো—এই ধরনের ফল ও সবজি থেকে এই গ্যাস নির্গত হয়। এই গ্যাস অন্যান্য সবজিকে দ্রুত পাকিয়ে দেয় বা পচিয়ে ফেলে।
বিশেষ করে গাজর, ব্রোকলি, শাক, শসা বা লেটুস পাতা ইথিলিনের প্রভাবে দ্রুত নষ্ট হয়।
ইথিলিন উৎপাদনকারী ফল ও সবজিগুলোকে সবসময় আলাদা ড্রয়ারে বা জিপলক ব্যাগে মুখ বন্ধ করে রাখুন।
কোন সবজি কিভাবে রাখবেন
শাক, ধনে পাতা, পুদিনা পাতা : এগুলোর গোড়া সামান্য কেটে ফেলুন। একটি এয়ারটাইট কন্টেনারের নিচে কিচেন টিস্যু বা খবরের কাগজ পেতে তার ওপর শাক রাখুন। ওপরে আর একটি টিস্যু দিয়ে বাক্স বন্ধ করুন। টিস্যু অতিরিক্ত জলীয় বাষ্প শুষে নেবে, ফলে শাক শুকিয়েও যাবে না, আবার পচবেও না।
কাঁচা মরিচ ও লেবু : কাঁচা মরিচের বোঁটা ফেলে দিয়ে একটি জিপলক ব্যাগে বা টিস্যু মুড়িয়ে বাক্সে রাখলে তা মাসখানেক ভালো থাকে। লেবু প্লাস্টিকের ব্যাগে মুড়ে রাখলে সহজে শুকিয়ে যায় না, রস থাকে অটুট।
গাজর, বিনস, ব্রোকলি, ফুলকপি : এগুলো জিপলক ব্যাগে বা ছিদ্রযুক্ত প্লাস্টিক ব্যাগে ভরে ‘ক্রিসপার’ ড্রয়ারে রাখুন। ব্রোকলি বা ফুলকপি বড় আকারে না রেখে, মাঝারি টুকরা করে কেটে রাখলে ভালো থাকে। গাজরের ওপরের সবুজ অংশ কেটে ফেলা বাঞ্ছনীয়।
মাশরুম : এটি কখনোই প্লাস্টিকের ব্যাগে রাখা উচিত হবে না। এতে মাশরুম ‘ঘেমে’ গিয়ে চটচটে হয়ে যায়। মাশরুম রাখুন কাগজের ঠোঙায়।
টমেটো : টমেটো পুরোপুরি পেকে গেলে তবেই ফ্রিজে রাখুন। অল্প কাঁচা বা শক্ত টমেটো ঘরের তাপমাত্রায় বাইরে রাখলেই ভালো।
ফ্রিজে কী রাখবেন না
সব সবজিই যে ফ্রিজে ভালো থাকে, তা কিন্তু নয়। আলু, পেঁয়াজ ও রসুন ফ্রিজে রাখলে তা দ্রুত অঙ্কুরিত হয় বা স্বাদ বদলে যায়। আলু ফ্রিজে রাখলে আলুর শ্বেতসার শর্করায় পরিণত হয়, যা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। এগুলো ঝুড়িতে, ঠাণ্ডা ও অন্ধকার জায়গায় রাখা উচিত। তবে হ্যাঁ, কাটা পেঁয়াজ অবশ্যই ফ্রিজে রাখতে হবে।
সূত্র : আজকাল









