সিল্কসিটিনিউজ ডেস্ক :
কক্সবাজারের টেকনাফ থেকে সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতা বাদী সংগঠন আরাকান আর্মির হাতে ফের ৭ জেলে আটক হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
বুধবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কে কে পাড়ার জেলে ইমাম হোসেন।

তিনি জানান, টেকনাফের কে কে পাড়া ঘাট থেকে মঙ্গলবার সন্ধ্যার পরে কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে গেলে আরাকান আর্মির কবলে পড়ে। পরে আরাকান আর্মি সদস্যরা তাদের ট্রলার ও মাছসহ ধরে নিয়ে যায়।
অপরদিকে মিয়ানমারের একটি সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক বরাতে জানা গেছে, ২৮ অক্টোবর উপকূলীয় নিরাপত্তা উপ-ইউনিট সন্ধ্যা ৭টার দিকে একটি কাঠের নৌকায় করে সাগর পথে রওনা দেয়, টহল দেওয়া শুরু করা হয় এবং মাছ ধরার জন্য আসা অবৈধভাবে আরাকান জলসীমায় প্রবেশকারী নৌকাগুলোকে আটক করা হয়।
এই টহল চলাকালে রাতে টেকনাফ থেকে আসা একটি কাঠের নৌকা উপকূলরেখা থেকে প্রায় ২.১৪ কিলোমিটার পশ্চিমে আরাকান অঞ্চলের মংডু টাউনশিপের কাছে সাগরে মাছ শিকার করতে দেখা যায়। এ সময় উক্ত মাছ ধরার নৌকাসহ ৭ জন জেলেকে আটক করা হয়।
এ বিষয়ে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, টেকনাফ কে কে পাড়ার শাওনের মালিকানাধীন হামিদ মাঝির পরিচালিত একটি ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের হাতে ৭ জেলে আটক হয়েছেন।
এ বিষয়ে জানতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিনকে কল করা হলে রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: যুগান্তর










