নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর ঐতিহ্য (ঘোড়া) চত্বর থেকে বন্ধগেট পর্যন্ত এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বুধবার (১৭ জুন) দুপুরে তিনি এ এলাকা পরিদর্শন করেন।রাজশাহী আমের ব্যবসা
পরিদর্শনকালে নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন রাসিক প্রশাসক। একই সঙ্গে নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ফুটপাতের ওপর রাখা বিভিন্ন মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। এ বিষয়ে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা এবং যানজট ও জনদুর্ভোগ কমাতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।
পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









