সিল্কসিটিনিউজ ডেস্ক:
অবশেষে স্বস্তির খবর পেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। সোমবার রাতে আকাশী-নীল শিবিরের ওপর আরোপিত তৃতীয় ও শেষ নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এর ফলে আগামী ২০২৬-২৭ মৌসুমের জন্য দলবদল ও ক্লাব লাইসেন্সিংয়ের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না ঐতিহ্যবাহী এই দলটির সামনে।
ফিফার নিষেধাজ্ঞামুক্ত হওয়ার স্বস্তির মাঝেই ক্লাবটির টিম ম্যানেজমেন্টেও আসছে বড় ধরনের রদবদল। বর্তমান ম্যানেজার সত্যজিৎ দাস রুপুকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আবাহনী কর্তৃপক্ষ। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আবাহনী ও জাতীয় দলের সাবেক তারকা মিডফিল্ডার সহিদ হোসেন স্বপন।

মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে তার কাঁধে ম্যানেজারের দায়িত্ব তুলে দেওয়ার কথা রয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে মঙ্গলবার সকালে গণমাধ্যমকে স্বপন বলেন, ‘সোমবার আমাকে ডেকে ক্লাবের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা দায়িত্ব নিতে বলেছেন। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি। যদি দায়িত্ব পাই, তাহলে আপনাদের সহযোগিতা লাগবে।
’ খেলোয়াড়ি জীবনে আবাহনী ও জাতীয় দলের হয়ে মাঝমাঠে দারুণ অবদান রাখা স্বপনের এই অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতিতে ক্লাবের দারুণ কাজে লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন ধরে ফিফার নিষেধাজ্ঞায় ভোগা আবাহনীর সামনে এখন নতুন মৌসুমের প্রস্তুতি শুরুর পালা। তিনটি নিষেধাজ্ঞার কারণে দলবদল ও লাইসেন্সিং নিয়ে যে ঘোর অমানিশা তৈরি হয়েছিল, তা কেটে গেলেও দল গঠনের জন্য সময় এখন অত্যন্ত সীমিত।
সময়ের এই স্বল্পতার কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে। জানা গেছে, মঙ্গলবার বিকেলেই ফুটবলারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন আবাহনীর দায়িত্বশীল কর্মকর্তা ও কোচ মারুফুল হক।
এই বৈঠকেই খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে দল গঠনের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করা হবে।










