সিল্কসিটিনিউজ ডেস্ক:
তৈরি পোশাক খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে সরকার। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বিজিএমইএ’র তত্ত্বাবধানে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) আওতায় ৩ মাস মেয়াদি প্রশিক্ষণের পর প্রশিক্ষার্ণীদের চাকরিও দেয়া হয়। এমনকি প্রশিক্ষণের সময় যাতায়াত ও আপ্যায়ন ভাতাও দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সেইপ প্রকল্পের কোঅর্ডিনেটর (ট্রেনিং অ্যান্ড মনিটরিং) মুহিবুল্লাহ মাসুদ বলেন, প্রকল্পের আওতায় দুই ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেয়া হয়। এন্ট্রি লেভেলে বেকার যুবক-যুবতীদের নিট মেশিন অপারেটর ও ওভেন মেশিন অপারেটর পদে প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা হয়।

যেসব জায়গায় প্রশিক্ষণ নেয়া যাবে : ১৮টি জেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এসব এন্ট্রি লেভেলে প্রশিক্ষণ দেয়া হয়। এগুলো হচ্ছে- পাবনা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, বরিশাল মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, চট্টগ্রামে বিকে ট্রেনিং সেন্টার ও মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, রাঙ্গামাটি, বান্দরবান, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নীলফামারি, কুষ্টিয়া, রাজশাহী, পিরোজপুর, নেত্রকোনা, মৌলভীবাজার ও নড়াইলের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার।
আবেদনের যোগত্য : এন্ট্রি লেভেলে প্রশিক্ষণে আগ্রহীদের নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। নিজস্ব মোবাইল নম্বর, ৪ কপি ছবি, ন্যূনতম ৫ম শ্রেণী পাশের শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিভাবকের মাসিক আয়ের সনদপত্র জমা দিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।









