সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে ঘিরে মানবজমিনের খবরের শিরোনাম প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা। ওয়াশিংটনে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের বরাত দিয়ে এই খবরে বলা হচ্ছে যে প্রয়োজন অনুসারে যে কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস কনফারেন্সে বৃহস্পতিবার এই মন্তব্য করেন মি. মিলার।

বাংলাদেশে দায়িত্বরত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি এক সাক্ষাৎকারে তার এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেন, সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হয় ম্যাথিউ মিলারের কাছে।
এর জবাবে তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র সহ বিদেশী মিশন এবং এর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
একই বিষয়ে ইত্তেফাকের শিরোনাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারী যে কোনো বাংলাদেশি পড়তে পারেন ভিসা নিষেধাজ্ঞায়। ম্যাথিউ মিলারের বরাতে এই প্রতিবেদনে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নয়।
এই খবরে ম্যাথিউ মিলারকে উদ্ধৃত করে উল্লেখ করা হয়েছে: “গত ২৪শে মে ভিসা নীতি ঘোষণা করার সময়ই আমরা স্পষ্ট করেছি যে, এই ভিসা নীতি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়।”
“গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্তে দায়ী বা জড়িত যে কোনো বাংলাদেশির ক্ষেত্রে এই নীতি প্রয়োগ হতে পারে। অন্য ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি যখন উপযুক্ত মনে হবে, তখন তাদের ক্ষেত্রে এটির প্রয়োগ করা হবে।”
চট্টগ্রামে আওয়ামী লীগ-বিএনপির সংর্ঘষে এক কিশোর নিহত হওয়ার খবরটি গুরুত্ব পেয়েছে সবকটি পত্রিকায়। চট্টগ্রামের মিরসরাইয়ে দুই রাজনৈতিক দলের সংঘর্ষের মাঝে পড়ে ১৫ বছর বয়সী এক কিশোর গতকাল মারা যান।
খবরে উঠে এসেছে, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের একটি সমাবেশ শেষ করে স্থানীয় একটি বাজারে জড়ো হলে সেখানে আওয়ামী লীগ কর্মীদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় একটি দোকান থেকে বের হয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। আঘাতের পর অচেতন হয়ে কিশোরটি পাশের একটি পুকুরে পড়ে যায়।
পরে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এই ঘটনা নিয়ে যুগান্তরের প্রতিবেদন আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষের মাঝে পড়ে কিশোর নিহত। এই সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক বলে উঠে এসেছে প্রতিবেদনে।
চট্টগ্রামের মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপারের বরাতে এই প্রতিবেদনে আরো বলা হচ্ছে যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নয়া দিগন্তের খবর খালেদা জিয়াকে বিদেশ পাঠানো নিয়ে আলোচনা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেয়ার বিষয়টি সরকারি মহল ইতিবাচকভাবে দেখছে বলে উঠে এসেছে এই খবরে।
খবরে বলা হচ্ছ, বিদেশ নেয়ার অনুমতির জন্য সরকারি তরফ থেকে খালেদা জিয়ার পরিবারের প্রতি নতুন আবেদন করতে জানানো হয়। পরিবার আবেদন করার পর এখন বিষয়টি আইন মন্ত্রণালয়ের বিচারাধীন রয়েছে।
এই বিষয়ে কালের কণ্ঠের খবর খালেদা জিয়ার বিদেশ যেতে অনুমতি পাওয়ার আশা। খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি উঠে এসেছে এই খবরে।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ উঠে এসেছে এই প্রতিবেদনে। মেডিকেল বোর্ড জানিয়েছে: “খালেদা জিয়ার দ্রুত লিভার প্রতিস্থাপন জরুরি। সজেন্য তাকে বিদেশে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা কেন্দ্রে নিতে হবে।”
গতকাল বিকেলে অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে সিসিইউতে নেয়া হয়। এরপ রাতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবার তাকে কেবিনে নিয়ে যাওয়া হয় বলে উঠে এসেছে খবরে। বিবিসি বাংলা








