সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহী-৩ আসনের এমপি ‍মিলন/ প্রধানমন্ত্রী হরিয়ান সুগার মিল ভালোভাবে চালাতে প্রণোদনা দিয়েছেন

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া
রাজশাহী-৩ আসনের এমপি ‍মিলন/ প্রধানমন্ত্রী হরিয়ান সুগার মিল ভালোভাবে চালাতে প্রণোদনা দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক:


পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন- বিগত সরকারের আমলে বিভিন্ন কলকারখানা বন্ধ ও বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সরকার মৃতপ্রায় কলকারখানাগুলো চালু ও সচল করার জন্য প্রণোদনা দিয়ে যাচ্ছে। রাজশাহী দেশবাসীর কাছে শিক্ষানগরী হিসেবে পরিচিত হলেও একসময় এখানে জুট মিল, সুগার মিল, টেক্সটাইল মিলসহ আরও অনেক কারখানা ছিল। এরমধ্যে কয়েকটি মিল বিলীন হয়ে গেছে। তবে বর্তমান প্রধানমন্ত্রী হরিয়ান সুগার মিলটি যেন আরও ভালোভাবে চলতে পারে, সেজন্য মোটা অঙ্কের প্রণোদনা দিয়েছেন। আগামীতেও রাজশাহীর উন্নয়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এবং পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি বলেন- পবার হরিয়ান হচ্ছে বিএনপির একটি উর্বর ভূমি। অগ্রাধিকার ভিত্তিতে এই হরিয়ান ইউনিয়নের উন্নয়ন করা হবে। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি এমপি হলে জনগণকে আমার দোরগোড়ায় আসতে হবে না, আমিই জনগণের দোরগোড়ায় যাব। আমি আমার সেই প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছি।

এমপি মিলন বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখনই দেশের উন্নয়ন হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশের উন্নয়নের ধারা শুরু করেছিলেন, তা অব্যাহত রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাদেরই উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নের জন্য সকাল ৯টার আগে থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নিরলস কাজ করে চলছেন।

শনিবার সকালে মোসলেমের মোড়ে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শুরু করেন সংসদ সদস্য। এরপর তিনি আশরাফের মোড়, তেঁতুলতলা এবং সুচারণ প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের প্রতিশ্রুতি দেন।

স/আ