সিল্কসিটিনিউজ ডেস্ক:
সাবেক প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্য বিল বাতিল করার পরই বিতর্কের মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের পক্ষ থেকে নতুন স্বাস্থ্য বিল প্রস্তাব করার পরও বিতর্কের তীর ছিল ট্রাম্পের দিকেই। প্রবল সমালোচনা ও বিরোধিতার পরও ট্রাম্পের নতুন স্বাস্থ্য বিলটি প্রথম বাধা অতিক্রম করেছে। বৃহস্পতিবার দেশটির গুরুত্বপূর্ণ একটি কংগ্রেসনাল কমিটি বিলটি অনুমোদন করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আঠারো ঘণ্টা বিতর্কের পর বিলটি অনুমোদন দিয়েছে কংগ্রেসনাল কমিটি। হাসপাতাল, চিকিৎসক, ডেমোক্র্যাট এমনকি কয়েকজন রিপাবলিকান নেতার বিরোধিতার পরও বিলটি অনুমোদন পেল। এই বিলটি সাবেক প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্য বিল ওবামাকেয়ারকে প্রতিস্থাপন করবে।
রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ কেভিন ব্রাডি জানান, এটা একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ ওবামা কেয়ার বাতিলের জন্য।
বুধবার ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভস বা প্রতিনিধি পরিষদের সামনে এই স্বাস্থ্যনীতি অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। এরপর রিপাবলিকানদেরই তীব্র সমালোচনার মুখে পড়ে এই স্বাস্থ্যনীতি। ডেমোক্র্যাটরা কয়েকটি সংশোধন আনতে চাইলেও বিলটি অপরিবর্তিত হিসেবেই অনুমোদন পেয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্যনীতি প্রকাশের পরপরই তা নিয়ে বিতর্ক শুরু হয়। দেশটির হাসপাতালগুলোর প্রতিনিধিত্বকারী প্রথমসারির একটি সংগঠন আমেরিকার হসপিটাল এসোসিয়েশন (এএইচএ) ওই স্বাস্থ্যনীতি গ্রহণে আপত্তি জানিয়েছে। ডাক্তাররাও প্রস্তাবিত স্বাস্থ্যনীতি সংশোধনের আহ্বান জানিয়েছেন।
ওবামার স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’ নামে পরিচিতি পায়। এর মূলে ছিল সবার জন্য স্বাস্থ্যবিমা নিশ্চিত করা। ট্যাক্স ক্রেডিট দিয়ে পছন্দমতো কোম্পানির বিমা গ্রহণের সুযোগও সেখানে রাখা হয়।
ট্রাম্পের স্বাস্থ্যনীতিকে ‘আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট’ নাম দেওয়া হয়েছে। এর আওতায় স্বাস্থ্যসেবায় কেন্দ্রীয় অর্থায়ন সীমিত করা হবে। সবাইকে এই প্রকল্পে যুক্ত হতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা থাকছে না। ভর্তুকির বদলে ট্যাক্স ক্রেডিটের সুযোগ দেওয়া হয়েছে।
ট্রাম্পের এই স্বাস্থ্যনীতি কংগ্রেসের দুই কক্ষ সিনেট ও হাউসের সমর্থনের পরই আইনে পরিণত হবে। ‘ওবামাকেয়ার’ ওবামার নির্বাহী আদেশে বাস্তবায়ন করা হলেও তা কংগ্রেসের সমর্থন পায়নি।
সূত্র: বাংলা ট্রিবিউন










