
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন ক্লাসের (পরিচিতি ক্লাস) মধ্য দিয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার (০১ নভেম্বর) রাবির অ্যাকাডেমিক ভবনগুলোতে বিভিন্ন বিভাগের আয়োজনে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল, কলম ও বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দিয়ে ক্যাম্পাসে স্বাগত জানানো হয়। এসময় শিক্ষকরা নবীনদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন।

ক্যাম্পাস জীবনের প্রথম দিনে নবীন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ, জেলা সমিতি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন থেকে বরণের প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর, বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট ও আমতলাসহ ক্যাম্পাসের প্রতিটি অঙ্গন আজ মেতে উঠেছে। ছেলে-মেয়েদের স্বপ্নের বিদ্যাপীঠ দেখতে নবীনদের সঙ্গে এসেছেন তাদের অভিভাবকরাও।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে কথা হয় ফোকলোর বিভাগের নবীন এক শিক্ষার্থীর সঙ্গে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে তিনি বলেন, করোনার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন বার বার ভেঙ্গেছে। অবশেষে দীর্ঘ দেড় বছর অপেক্ষার পর দেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পেরে খুব আনন্দ লাগছে।
নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, তারা যে অধ্যাবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য এই ক্যাম্পাসে আসতে সক্ষম হয়েছে, একই প্রত্যয়ে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে, সুখি-সমৃদ্ধ বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। তারা দেশ ও জাতির স্বপ্ন পূরণের কারিগর হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে নবাগত শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য র্যাগিং নিষিদ্ধ করেছে রাবি প্রশাসন। কেউ র্যাগিং করলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে জানান, র্যাগিংয়ের ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও এর শিকার শিক্ষার্থীর মানসিক সমস্যার সৃষ্টি হয়। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে কোথাও কোনো প্রকার র্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে। কেউ র্যাগিং করলে বা তা করতে কাউকে উদ্বুদ্ধ করলে বিধি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। এছাড়া বিভাগের সভাপতির অনুমতি ছাড়া ওই বিভাগের অন্য কোনো বর্ষের শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান করা যাবে না।
র্যাগিংয়ের ব্যাপারের রাবি উপাচার্য বলেন, র্যাগিং একটি অপরাধ। র্যাগিংয়ের ফলে শিক্ষার্থীর গুরুতর মানসিক ক্ষতি হয়। এ জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার র্যাগিং করা যাবে না। যদি এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় তবে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জি/আর








