সিল্কসিটিনিউজ ডেস্ক:
কমনওয়েলথ গেমসের চলমান আসরে ঘটে গেল এক বিব্রতকর ঘটনা। স্বৈরশাসক ইদি আমিনের নাতি উগান্ডার বক্সার আজিজ আব্দুল ইংলিশ প্রতিপক্ষকে মাথা দিয়ে আঘাত করার অভিযোগে অযোগ্য ঘোষিত হয়েছে।
সুপার-হেভিওয়েট ক্যাটাগরির কোয়ার্টার ফাইনাল বাউটে ইংল্যান্ডের ডামার থমাসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটে।
বিবিসির প্রতিবেদন বলা হয়, খেলার তৃতীয় রাউন্ডে যখন দুই বক্সার একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। তখন ২৫ বছর বয়সী আজিজ আব্দুল হঠাৎ তার মাথা দিয়ে থমাসের থুতনিতে আঘাত করেন। রেফারি তাৎক্ষণিকভাবে তাকে ডিসকোয়ালিফাই করেন।

ম্যাচ থেকে বহিষ্কৃত হওয়ার পর আব্দুল রেফারি ও বিচারকদের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, তিনি একজন ‘কৃষ্ণাঙ্গ আফ্রিকান’ হওয়ায় বিচারকরা তার বিরুদ্ধে ছিলেন।
তিনি বলেন, ‘আপনি যখন ইংল্যান্ডের বক্সারদের আগের ম্যাচগুলো দেখবেন, তখন বুঝবেন তারা প্রচুর ফাউল করে। আমি তাকে একটি জোরালো পাঞ্চ (ঘুষি) মারলাম, কিন্তু তারা সেটা গুনলই না।
পয়েন্ট দেওয়ার পরিবর্তে উল্টো তারা আমার পয়েন্ট কেটে নিল।’
আমি একজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান। আর সে হোম গ্রাউন্ডের খেলোয়াড় হওয়ায় তার সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে যোগ করেন তিনি।










