সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ নিহত

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক বন্দুকধারীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরো দুজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন। বুধবার ইয়র্ক কাউন্টির কোডোরাস টাউনশিপে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

রাজ্য পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, কর্মকর্তারা সেখানে আগের দিনের একটি তদন্তের কাজে গিয়েছিলেন। তিনি তদন্তের বিষয়ে বিস্তারিত না জানালেও এটিকে পারিবারিক কলহ সম্পর্কিত বলে উল্লেখ করেন।

তিনি জানান, বন্দুকধারীর হামলায় তিন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং গুলিবিদ্ধ দুইজনকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা যখন পারিবারিক কলহ সম্পর্কিত ওই মামলার ঘটনা তদন্তে তল্লাশি চালাতে যান, তখনই এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নিহত কর্মকর্তারা কোন সংস্থার সদস্য ছিলেন, তাৎক্ষণিকভাবে সেটিও জানানো হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো হাসপাতালে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘আজ ইয়র্ক কাউন্টি এবং পুরো পেনসিলভানিয়া রাজ্যের জন্য এক ভয়াবহ ও হৃদয়বিদারক দিন।’ তিনি নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের জন্য সবার কাছে প্রার্থনার আহ্বান জানান।