সিল্কসিটিনিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান চান—যদিও রুশ প্রেসিডেন্ট ও মার্কিন আলোচকদের মধ্যে হওয়া আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।
ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ক্রেমলিনে পুতিনের সঙ্গে গভীর রাত পর্যন্ত আলোচনা চালান, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতের অবসানে কোনো সমঝোতামূলক সাফল্য অর্জিত হয়নি।

ক্রেমলিন বুধবার জানায়, ইউক্রেনে রুশ সেনাবাহিনীর সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের সাফল্য তাদের অবস্থানকে শক্তিশালী করেছে। তারা যোগ করে, দুই পক্ষ কোনো ‘সমঝোতা’ খুঁজে পায়নি এবং কিয়েভের ন্যাটোর সঙ্গে সম্পর্ক এখনো একটি প্রধান প্রশ্ন হিসেবে রয়ে গেছে।
একজন এএফপি প্রতিবেদক ওভাল অফিসে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তারা গতকাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে খুব ভালো একটি বৈঠক করেছে।’
তিনি যোগ করেন, ‘ওই বৈঠক থেকে কী বেরিয়ে আসবে, আমি বলতে পারছি না, কারণ এতে দুই পক্ষেরই ভূমিকা থাকে।’
পুতিন সত্যিই প্রায় চার বছর ধরে চলা রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে চান কি না উইটকফ ও কুশনার—তা জানতে পেরেছেন কিনা, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘তিনি যুদ্ধ শেষ করতে চান। সেটাই তাদের উপলব্ধি।
’
তিনি আরো বলেন, ‘তাদের দৃঢ়ভাবে মনে হয়েছে যে তিনি একটি চুক্তি করতে আগ্রহী।’
উইটকফ ও কুশনার যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের একটি হালনাগাদ পরিকল্পনা নিয়ে গিয়েছিলেন, যাতে ইউক্রেনকে পূর্ব দোনবাস অঞ্চলের কিছু অংশ ছেড়ে দেওয়া এবং ন্যাটোতে যোগ না দেওয়ার বিষয়ে সম্মত হওয়ার কথা অন্তর্ভুক্ত ছিল।










