পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় চলন্ত অবস্থায় গাড়ীর চালক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেল ওই বাসের আরাে ৩৫ টি জীবন।

নিহত ওই চালক ঢাকা সাভার থানার গুপিনাতপুর তাকল গ্রামের মৃত আবদুল কাদের দেওয়ানের ছেলে আকবর আলী দেওয়ান (৫৭)। সে হানিফ এন্টার প্রাইজ পরিবহনের (ঢাকা মেট্রো-গ ১৪-৭০৪১) চালক।
- জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী হানিফ এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শেই খাদের ধারে দাড়ায়। যাত্রীবাহী বাসটি দ্রুতগতীতে থাকা অবস্থায় হার্ড ব্রেক করায় ৫/৬ জন যাত্রী আহত হন।
স্থানীয়রা সাথে সাথে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু ঘটনাস্থলেই চালক মারা যান। চালকের লাশ পবা হাইওয়ে পুলিশ শিবপুর ফাড়িঁ থেকে তার পরিবারের লোকজন বুধবার সকালে বুঝে নেয়।
- পবা হাইওয়ে পুলিশ শিবপুর ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন জানান, চালক আগে থেকেই অসুস্থ ছিলেন। গাড়ী চলন্ত অবস্থায় পুঠিয়া বাজার পার হলে চালক আকবর আলী দেওয়ানের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । গাড়িটি হার্ড ব্রেক করায় ঝাঁকিতে গাড়ীতে থাকা কয়েকজন যাত্রী আহত হয়। পরে হাইওয়ে পুলিশ অজ্ঞান অবস্থায় চালক আকবর আলী দেওয়ানসহ আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক আকবর আলীকে মৃত ঘোষণা করেন।
শিবপুর ফাঁড়ির ইনচার্জ এএসআই শারিফুল ইসলাম জানান, হানিফ এন্টার প্রাইজের ওই যাত্রীবাহী বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। বাসটি এখন পুলিশ ফাঁড়িতে আছে এবং হানিফ পরিবহনের অন্য একটি বাস ঘটনাস্থলে এসে যাত্রীদের গন্তব্যে পৌছে দেয়।
স/অ









