রাজশাহী

পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন ৫৬ রাজশাহী- ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে পুঠিয়া পৌরসভার পাঁচআনী রাজবাড়ী বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার প্রথম সোপান। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই। সেই লড়াই ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত পরিণতি পায়।

তিনি নতুন প্রজন্মের উদ্দেশে বলেন, নিজের মাতৃভাষাকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এবং তা রক্ষায় সচেতন থাকতে হবে। ২১ ফেব্রুয়ারি আমাদের সেই শিক্ষা দেয়।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত মোহাঃ আসাদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, বিভাগীয় কোর্ট রাজশাহীর স্পেশাল (পিপি) মুন্সী আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ,
সাবেক ছাত্রনেতা ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও উদ্যোক্তা প্রভাষক আতিকুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি’র শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত এবং পুঠিয়া থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ও পবা হাইওয়ে (শিবপুর) থানার পক্ষে অফিসার ইনচার্জ মোজ্জাম্মেল হকসহ বেলপুকুর থানার অফিসার ইনচার্জ ফুলেল শ্রদ্ধা জানান।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক–সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

এরপর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।