ফরিদপুরের বোয়ালমারীতে লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আপন দুই ভাই রয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুট মিল থেকে কাজ শেষে প্রায় ১৫ জন শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে বোয়ালমারী পৌর সদরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী লোকাল ট্রেনটি অরক্ষিত সোতাশি লেভেলক্রসিং অতিক্রম করার সময় শ্রমিকবাহী পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।
এ ঘটনায় আহত ১০ জন শ্রমিককে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বিলায়েত হোসেন বলেন, ‘বাড়ির সামনেই দুর্ঘটনাটি ঘটে। দুপুরে খাবার খেতে বসেছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে গিয়ে দেখি ট্রেনের সঙ্গে জুট মিলের শ্রমিকদের পিকআপের সংঘর্ষ হয়েছে। তিনজন ঘটনাস্থলেই মারা যান, আহত নারী-পুরুষদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।’
কনকনে ঠাণ্ডার ভরসা মাংকি টুপির ইতিহাস জানেন?
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সোতাশি লেভেলক্রসিংটি অরক্ষিত থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তারা দ্রুত সেখানে গেটম্যান ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।










