সিল্কসিটিনিউজ ডেস্ক :
মালয়েশিয়া ২২ সেপ্টেম্বর থেকে তার ন্যাশনাল ইন্টিগ্রেটেড ইমিগ্রেশন সিস্টেমের (এনআইআইএসই) পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে যাচ্ছে। ফলে সিঙ্গাপুরবাসীরা, যারা মালয়েশিয়ার জোহর বাহরু শহর দিয়ে যাতায়াত করেন, তারা শিগগিরই কিউআর কোড ব্যবহার করে পাসপোর্ট ছাড়াই অভিবাসন ক্লিয়ারেন্স উপভোগ করতে পারবেন।
এই অ্যাপটিকে ‘মাই নাইস’ নামে উচ্চারণ করা হয়। মাই নাইস অ্যাপটি মালয়েশিয়া এবং ৬৩টি দেশ ও অঞ্চলের যাত্রীদের জন্য প্রযোজ্য, যার মধ্যে সিঙ্গাপুরও রয়েছে এবং এটি জোহর বাহরুর দুটি স্থল চেকপোস্টে কার্যকর হবে।

এই পরীক্ষা চলবে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ধাপে ধাপে মালয়েশিয়ার পাঁচটি বিমানবন্দরেও এটি চালু হবে। এর মধ্যে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (টার্মিনাল ১ ও ২), পেনাং, কুচিং এবং কোটা কিনাবালু বিমানবন্দরগুলো অন্তর্ভুক্ত থাকবে। মাই নাইস অ্যাপটি দুইটি জোহর চেকপোস্টে গাড়ি এবং মোটরসাইকেলসহ দৈনিক তিন লাখ মানুষের যাতায়াতের জন্য যানজট কমাতে সহায়ক হবে।
মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের এনআইআইএস প্রকল্প দলের সদস্য দ্য স্ট্রেইট টাইমসকে জানান, দলে ভ্রমণকারী যাত্রীরা একটি কিউআর কোড ব্যবহার করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিতে পারবেন।
এটি বর্তমানে ব্যবহৃত মাইবডারপাস অ্যাপের তুলনায় উন্নত, যেখানে প্রত্যেক যাত্রীকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য আলাদাভাবে কিউআর কোড স্ক্যান করতে হয়।
দলের সদস্যরা আরো জানান, এই অ্যাপটি ভবিষ্যতে জোহর বাহরু-সিঙ্গাপুর র্যাপিড ট্রানজিট সিস্টেম লিংক-এর জন্য একক ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সিস্টেমে ব্যবহৃত হবে। যেখানে যাত্রীদের শুধুমাত্র রওনা হওয়ার সময় সিঙ্গাপুর এবং মালয়েশিয়া উভয় দেশের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিতে হবে। তিনি আরো বলেন, ‘আমরা আগস্ট ২০২৫ থেকে মাই নাইস অ্যাপটি পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু করেছি, এতে কিছু কর্মী এবং নির্দিষ্ট কয়েক ব্যক্তি অংশগ্রহণ করেছেন।
’
জোহর রাজ্য অবকাঠামো, পরিবহন ও যোগাযোগ কমিটির চেয়ারম্যান মোহামেদ ফাজলি মোহামাদ সালেহ বলেন, এই ট্রায়ালের অংশ হিসেবে, জোহর বাহরু চেকপোস্টে ২৭টি ইমিগ্রেশন বুথকে মাই নাইস অ্যাপটি চিনতে সক্ষম করা হয়েছে। আটটি বুথ গাড়ির আসা-যাওয়া, সাতটি মোটরসাইকেলের জন্য এবং দুটি বুথ যাত্রীদের প্রস্থান ও আগমন হলের জন্য ব্যবহৃত হবে। এদিকে, সেকেন্ড লিঙ্ক চেকপোস্টে ২৪টি বুথ খোলা হবে। ছয়টি গাড়ির জন্য, চারটি মোটরসাইকেলের জন্য এবং প্রতি দিকের জন্য দুটি ফুটপথযাত্রীদের জন্য। আরো বুথ ধাপে ধাপে যুক্ত করা হবে।
যতদিন মাই নাইস অ্যাপের পরীক্ষামূলক ব্যবহার চলবে, ততদিন মাইবডারপাস অ্যাপ ব্যবহার অব্যাহত থাকবে। তবে মালয়েশিয়ান এবং বিদেশি পর্যটকদের মাই নাইস অ্যাপ ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটি। মাই নাইস অ্যাপটি এখন অ্যাপেল অ্যাপ স্টোর, গুগল প্লে এবং হুয়াওয়ে অ্যাপ গ্যালারিতে পাওয়া যাবে। ডিসেম্বর ২০২৪ সালে মাইবডারপাস মালয়েশিয়ানদের জন্য একমাত্র অভিবাসন কিউআর কোড অ্যাপ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
সূত্র : দ্য স্ট্রেইট টাইমস।










