সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পাকিস্তানে বিরোধীদলীয় নেতার ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০২৫২ মিনিট পড়া
পাকিস্তানে বিরোধীদলীয় নেতার ১০ বছরের কারাদণ্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২০২৩ সালে ইমরান খানের পক্ষে হওয়া দেশব্যাপী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতাসহ শতাধিক ব্যক্তিকে দণ্ডিত করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

ইমরান খানের দল পিটিআই এক বিবৃতিতে জানিয়েছে, ছয়জন জাতীয় সংসদ সদস্য, একজন সিনেটর ও একজন প্রাদেশিক সংসদ সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহেও বেশ কয়েকজনকে একই মামলায় দণ্ডিত করা হয়।

বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খানও দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন।

তবে তিনি সেই বিক্ষোভে অংশ নেননি। পূর্বাঞ্চলের শহর ফয়সালাবাদের একটি অপরাধ দমন আদালত তাকে সহিংসতা উসকে দেওয়া এবং দাঙ্গা ও অগ্নিসংযোগে ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। 

এ বিষয়ে পিটিআই চেয়ারম্যান গোহার আলী খান সাংবাদিকদের বলেন, ‘আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করব। এ ধরনের রায় গণতন্ত্র ও পুরো দেশের জন্যই ক্ষতিকর।

তবে দলটির কর্মকর্তারা শুনানির সময় থেকে জামিনে রয়েছেন ও তাদের এখনো কারাগারে নিয়ে যাওয়া হয়নি।

২০২৩ সালের ৯ মে ইমরান খান ইসলামাবাদে সংক্ষিপ্ত সময়ের জন্য গ্রেপ্তার হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিক্ষোভের লক্ষ্য ছিল সেনাবাহিনীর সংবেদনশীল স্থাপনাগুলো।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা ইমরান খান গত দুই বছর ধরে কারাবন্দি রয়েছেন।

তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তার হাজার হাজার সমর্থক ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধেও ব্যাপক দমনপীড়ন চালানো হয়েছে ও গণহারে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ইমরান খানের নাম টেলিভিশন থেকে নিষিদ্ধ করা হয়েছে। 

সাম্প্রতিক দণ্ড প্রদান ‘গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন’ বলে আখ্যা দিয়ে পিটিআইয়ের লন্ডনভিত্তিক মুখপাত্র সায়েদ জুলফিকার বুখারি বলেছেন, ‘একের পর এক বিরোধীদলীয় নেতাকে দণ্ডিত করা কোনো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য শুভ লক্ষণ নয়। এটি আমাদের আগে থেকেই নাজুক গণতন্ত্রকে আরো বিপদের মুখে ফেলবে।