সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পাকিস্তানের রাষ্ট্রীয় এয়ারলাইনসের ওপর থেকে ব্রিটিশ নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০২৫২ মিনিট পড়া
পাকিস্তানের রাষ্ট্রীয় এয়ারলাইনসের ওপর থেকে ব্রিটিশ নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাজ্য বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় এয়ারলাইনসের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। ইসলামাবাদে অবস্থিত ব্রিটিশ দূতাবাস এই তথ্য জানিয়েছে। এর ফলে দেশটির বহু সমালোচিত জাতীয় পতাকাবাহী সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ওপর থেকে পাঁচ বছর আগে দেওয়া নিষেধাজ্ঞা উঠে গেল।

২০২০ সালের জুনে পিআইএকে যুক্তরাজ্যে উড়তে নিষিদ্ধ করা হয়েছিল।

তার এক মাস আগে করাচির একটি রাস্তায় পিআইএর একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রায় ১০০ জন নিহত হয়। দুর্ঘটনার জন্য পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের মানবিক ভুলকে দায়ী করা হয়। এরপর পাইলটদের প্রায় এক-তৃতীয়াংশের লাইসেন্স ভুয়া বা সন্দেহজনক বলে অভিযোগ ওঠে। 

ব্রিটিশ হাইকমিশন এবার এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের বিমান নিরাপত্তায় উন্নয়ন ঘটায় যুক্তরাজ্যের এয়ার সেফটি কমিটি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তারা আরো বলেছে, কোনো দেশ বা বিমান সংস্থাকে তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ‘একটি স্বাধীন বিমান নিরাপত্তা প্রক্রিয়ার’ মাধ্যমে।বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই স্বাধীন ও প্রযুক্তিগতভাবে পরিচালিত প্রক্রিয়ার ভিত্তিতে পাকিস্তান ও তার বিমান সংস্থাগুলোকে যুক্তরাজ্যের এয়ার সেফটি তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা পিআইএর ওপর চার বছর আগে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এবং সংস্থাটি জানুয়ারি থেকে ইউরোপগামী ফ্লাইট পুনরায় চালু করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সিদ্ধান্তকে ‘দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘পাকিস্তানি ফ্লাইটের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রবাসী পাকিস্তানিদের জন্য স্বস্তির বিষয়।’অন্যদিকে পিআইএ জানিয়েছে, ‘সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যেই’ তারা যুক্তরাজ্যে ফ্লাইট চালু করবে এবং প্রথম ফ্লাইট ইসলামাবাদ থেকে ম্যানচেস্টার রুটে চালানো হবে।

পাকিস্তানের বিমান চলাচলমন্ত্রী খাজা আসিফ স্বীকার করেছেন, নিষেধাজ্ঞার ফলে দেশটি আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। তিনি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পাকিস্তানি বিমান সংস্থার প্রতি আস্থা আবার ফিরছে।’

সাত হাজার কর্মীসংবলিত পিআইএ বহু দিন ধরেই অনাদায়ী বিল, দুর্বল নিরাপত্তা রেকর্ড ও নিয়ন্ত্রক সমস্যার জন্য সমালোচিত হয়ে আসছে।

সংস্থাটি দীর্ঘদিন ধরে অদক্ষ ও সংকটে পড়া প্রতিষ্ঠানের পরিচিতি বহন করেছে। পাকিস্তান সরকার জানিয়েছে, তারা ঋণে জর্জরিত বিমান সংস্থাটি বেসরকারিকরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং একজন ক্রেতা খুঁজে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালে এক সম্ভাব্য ক্রেতা সরকারের নির্ধারিত দামের তুলনায় অনেক কম মূল্য প্রস্তাব করায় একটি চুক্তি ভেস্তে যায়।পিআইএ ১৯৫৫ সালে যাত্রা শুরু করে, যখন সরকার একটি লোকসানকবলিত বেসরকারি বিমান সংস্থাকে জাতীয়করণ করে। বিংশ শতাব্দীর নব্বইয়ের দশক পর্যন্ত প্রতিষ্ঠানটি দ্রুত বৃদ্ধি লাভ করেছিল।