সিল্কসিটিনিউজ ডেস্ক :
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে কিছুদিনের জন্য যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত-পাকিস্তান। যুদ্ধ থামার পর সেই রাজনৈতিক উত্তেজনা এখন আর অতটা নেই যতটা না গত এপ্রিলের হামলার সময় ছিল। তবে অন্য এক জায়গায় ঠিকই উত্তেজনা বিরাজ করছে।
কয়েক ঘণ্টার ব্যবধানে একে-অপরের বিপক্ষে লড়াইয়েও নেমে পড়বে।

সেই লড়াইটা হবে ২২ গজের ময়দানে। এই ‘যুদ্ধে’ অস্ত্র হিসেবে ব্যবহার হবে ব্যাট-বল। আর ক্ষুরধার মস্তিষ্ক। দুবাইয়ে নিজেদের শক্তি-সামর্থ্য দেখানোর আগে অবশ্য সূর্যকুমার যাদব-সালমান আলী আগাদের হয়ে মাঠের বাইরে লড়ছেন অনেকে।
কথার এই লড়াইয়ে নিজ নিজ দলকে এগিয়ে রাখছেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা। আর সামাজিক মাধ্যমে তো দুই দেশের ভক্ত-সমর্থকরা ম্যাচকে ঘিরে কাদা ছোড়াছুড়ি করছেনই।
এশিয়া কাপের হেভিওয়েট ম্যাচকে কেন্দ্র করে আজ পাকিস্তানকে খোঁচা মেরেছেন ভারতের সাবেক অফস্পিনার নিখিল চোপড়া। তার মতে, পাকিস্তানের বর্তমান দলটির নাম নাকি দেশটির ছেলে-মেয়েরা বলতে পারবেন না।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলার সময় এমনটিই জানিয়েছেন ভারতের হয়ে সবমিলিয়ে ৪০ ম্যাচ খেলা এই স্পিনার।
বর্তমান দলের থেকে ৯০ দশকের ক্রিকেট তারকারাই পাকিস্তানের তরুণ প্রজন্মের কাছে বেশি পরিচিত বলে মনে করেন নিখিল। ৫১ বছর বয়সী সাবেক ক্রিকেটার বলেছেন, ‘পাকিস্তানের প্রতি সম্মান রেখেই বলছি, আপনি যদি তাদের দলের দিকে তাকান এবং তরুণ প্রজন্মকে জিজ্ঞেস করেন প্রথম সারির তিন-চার খেলোয়াড়ের নাম বলতে, অনেককেই পাবেন এমনকি যারা টি-টোয়েন্টি সংস্করণকে বেশিই পছন্দ করে তারাও হয়তো নাম বলতে পারবে না। কিন্তু তাদের যদি পাকিস্তান ক্রিকেটের ৯০ দশকের নায়কের নাম বলতে বলে তারা স্মরণ করতে পারবে।’
আজকের লড়াই নিয়ে একটা ভবিষদ্ব্যাণীও করেছেন নিখিল।
তার মতে, ৭০-৩০ ভাগে ম্যাচে ফেবারিট ভারত। তিনি বলেছেন, ‘ভারত যদি একজন পেসারের সঙ্গে চার স্পিনার খেলায় তাহলে পাকিস্তানের জন্য খেলাটা কঠিন হবে। যদি কিছুটা শিশির থাকে তাহলে তাদের (পাকিস্তান) জন্য আরো কঠিন হবে। আমার মতে ৭০-৩০ ভারত।’









