সিল্কসিটিনিউজ ডেস্ক :
ঢাকায় সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শনিবার (২৩ আগস্ট) পাকিস্তান দূতাবাসে বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। তবে বৈঠক শেষে বিএনপির কোনো নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

এছাড়া শনিবার বিকালে জামায়াতের পক্ষে দলটির নায়েবে আমীর আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির হয়ে সদস্য সচিব আখতার হোসেনে নেতৃত্বে দুইটি প্রতিনিধি দল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সার্ক চালু করাসহ ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। গত ১৫ বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিছুটা একপেশে ছিল। এখন বাংলাদেশ সরকারসহ সবাই মনে করছেুএ অঞ্চলের সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার।
তিনি আরও জানান, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেয়া হয়েছে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দুই দেশের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ভালো করার সুযোগ এসেছে। পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর কাছে একাত্তরের ইস্যু এবং বাংলাদেশের জনগণের চিন্তাধারা তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (২৩ আগস্ট) দুপুরে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সূত্র: যুগান্তর










