পাবনা

পাকিস্তানি রিভলবারসহ যুবক আটক

নিউজ ডেস্ক২২ মে ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবদেক :

পাবনায় পাকিস্তানি রিভলবারসহ মিনহাজুল ইসলাম মিশন (২০) নামে এক যুবককে আটক করেছে পাবনা সদর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৭টার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার পথে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পাবনা সদর থানার এসআই ফাহিম পারভেজ রেভিজ জানান, পাবনা জেলার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমানের পরিদর্শনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো. তারিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি চলন্ত মোটরসাইকেল সন্দেহ হলে সেটিকে থামানোর সংকেত দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে মিনহাজুল ইসলাম মিশনকে আটক করতে সক্ষম হয়। আটক মিনহাজুল ইসলাম মিশন দোগাছী রাজাপুর মধ্যপাড়া এলাকার আলহাজ মোহাম্মদ ইসহাক আলীর ছেলে বলে জানা গেছে।

পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি লোহার তৈরি দেশীয় রিভলবার, যার বাঁট লালচে মেরুন রঙের প্লাস্টিক দ্বারা আবৃত। ব্যারেলের এক পাশে ইংরেজিতে ‘MADE IN PAKISTAN’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পাবনা সদর থানা পুলিশ।