সিল্কসিটিনিউজ ডেস্ক:
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের পরিস্থিতি ঘোলাটে করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের যৌথ সভায় এ কথা বলেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তিনি পরিস্থিতি ঘোলাটে করে ক্ষমতায় যেতে চান। তিনিই দেশবিরোধী ও সরকারবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা এবং দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার প্রতিবাদে আগামী ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। এই কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলার আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্যদের নিয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ নাসিম আরো বলেন, খালেদা জিয়া এখনো দেশের শান্তি চান না। চান দেশের পরিস্থিতি ঘোলাটে করে ক্ষমতায় যেতে। নিজের স্বার্থ চরিতার্থ করতে। কিন্তু দেশের মানুষ এটা হতে দেবে না। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।
১১ জুলাই সমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য গভীর চক্রান্ত শুরু হয়েছে। এই জঙ্গি ও সন্ত্রাসবাদের আগে-পিছে কারা রয়েছে সে প্রশ্ন রাখেন তিনি।
আগামী ১২ জুলাই থেকে ২১ জুলাই প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভায় সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করার নির্দেশ দেন তিনি। এই কমিটিতে সব শ্রেণি-পেশার মানুষকে স্থান দেওয়ারও নির্দেশ দেন তিনি।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ, সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহসহ অন্যরা বক্তব্য দেন।
সূত্র:এনটিভি









